স্টাফ রিপোর্টার : ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রাজশাহীর সর্বত্র যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে রাজশাহী নগরীর সোনাদীঘিতে নতুন নির্মিত কেন্দ্রীয় মিনার উদ্বোধনের পর সেখানে মানুষের ঢল নামে। সকালে প্রভাত ফেরীর মাধ্যমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হাজারো মানুষ।
এর আগে একুশের প্রথম প্রহরে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, জেলা প্রশাসক আফিয়া আখতার ও প্রশাসনের কর্মকর্তারা।
একুশের প্রথম প্রহরে এখানে রাজশাহী মহানগর বিএনপিসহ বিভিন্ন সরকারি, বেসরকারি দফতরের কর্মকর্তারা ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া রাজশাহী জেলা পরিষদ, রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ন (রামেবি), বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। এছাড়া রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পৃথকভাবে দিবসটি পালন করে।
রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান রাসিক প্রশাসক ড. আ. ন. ম বজলুর রশীদ। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এবং কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবনসহ ওয়ার্ড কার্যালয় ও সিটি কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত স্থাপনাসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, মহানগরীর সড়ক দ্বীপসমূহ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে বাংলা বর্ণমালা সম্বলিত পতাকা দ্বারা সজ্জিতকরণ, বাদ যোহর সোনাদীঘি জামে মসজিদসহ সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহিদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হয়।
রাবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শহীদদের স্মরণে দিবসের প্রথম প্রহরে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। ভোরে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়। সকাল ১০টায় সিনেট ভবন চত্বরে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতা। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় কোরআনখানি ও মোনাজাত। দিবসটি উপলক্ষে রাবির শহীদ স্মৃতি সংগ্রহশালা দর্শকদের জন্য খোলা রাখা হয়।
এদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। প্রথম প্রহরে রুযেটের কেন্দ্রীয় শহীদ মিনারে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। এ সময় ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার প্রাঙ্গণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া রাজশাহীর তানোর, গোদাগাড়ী, পবা, মোহনপুর, পুঠিয়া, দুর্গাপুর, বাগমারা, চারঘাট ও বাঘায় সরকারি ও বেসরকারিভাবে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে।