১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬
আজ বিশ্ব আয়ূ্র্বেদ দিবস

বিশ্ব আয়ুর্বেদ দিবসের প্রতিপাদ্য ও জনস্বাস্থ্যের ভবিষ্যৎ

বিশ্ব আয়ুর্বেদ দিবসের প্রতিপাদ্য ও জনস্বাস্থ্যের ভবিষ্যৎ

“Ayurveda for a Healthier Tomorrow” -সুস্থতর আগামী দিনের জন্য আয়ুর্বেদ।  বিশ্ব আয়ুর্বেদ দিবসের এই প্রতিপাদ্যকে শুধু একটি প্রাচীন চিকিৎসাপদ্ধতির প্রচার হিসেবে দেখলে এর ব্যাপ্তি সীমিত হয়ে যায়। বরং এটি হতে পারে আমাদের খাদ্য, কৃষি, পরিবেশ, জীবনযাপন ও জনস্বাস্থ্যকে সমন্বিতভাবে নতুন করে ভাবার একটি সুযোগ।


বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল বিশেষত বরেন্দ্র  অন্চলের শুষ্ক ও উষ্ণ ভূপ্রকৃতি এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত, উচ্চ তাপমাত্রা এবং ভূগর্ভস্থ পানির ওপর বাড়তি নির্ভরতা এখানকার কৃষি ও জীবনযাত্রাকে প্রভাবিত করছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাতও এই চাপ বাড়াচ্ছে।


তাই স্বাস্থ্যকে শুধু হাসপাতাল, ওষুধ ও চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। স্বাস্থ্যের শুরু মাটি, পানি ও খাদ্য থেকে।


আমাদের ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতিতে স্থানীয় ধান, ডাল, শাকসবজি, ফল, মসলা, মাছ এবং নানা দেশীয় উদ্ভিদের ব্যবহার ছিল। গ্রামীণ সমাজে বহু ভেষজ উদ্ভিদের ব্যবহারও পরিচিত ছিল। তবে ঐতিহ্যগত ব্যবহারকে বৈজ্ঞানিক প্রমাণের বিকল্প হিসেবে দেখা যাবে না। কোন উদ্ভিদ কার্যকর, কোনটি নিরাপদ, কী মাত্রায় ব্যবহারযোগ্য এবং কোথায় ঝুঁকি রয়েছে—এসব বিষয়ে গবেষণা প্রয়োজন।


আয়ুর্বেদের একটি গুরুত্বপূর্ণ দর্শন হলো—রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি সুস্থ মানুষকে সুস্থ রাখার চেষ্টা। আধুনিক প্রতিরোধমূলক স্বাস্থ্যচিন্তার সঙ্গে এখানেই একটি গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি হতে পারে।


বিশেষ করে শুষ্ক অঞ্চলের বাস্তবতায় সুস্থ পরিবেশ–নিরাপদ খাদ্য–সুস্থ মানুষ—এই ধারনাটি গুরুত্ব পাওয়ার দাবি রাখে।


প্রথম কাজ পানি ও পরিবেশ সুরক্ষা। বৃষ্টির পানি সংরক্ষণ, জলাশয় পুনরুদ্ধার, পানির অপচয় কমানো এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ নিয়ন্ত্রণের সঙ্গে জনস্বাস্থ্যকে যুক্ত করতে হবে।


দ্বিতীয় কাজ কৃষিকে স্বাস্থ্যনীতির অংশ হিসেবে দেখা। শুধু উৎপাদন বাড়ানো নয়—নিরাপদ খাদ্য, পুষ্টিমান, মাটির স্বাস্থ্য, ফসলের বৈচিত্র্য এবং পরিবেশগত স্থায়িত্বও কৃষির লক্ষ্য হতে হবে। কৃষককে তাই শুধু খাদ্য উৎপাদক নয়, জনস্বাস্থ্যের অংশীদার হিসেবেও বিবেচনা করা প্রয়োজন।


এ বিষয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) খাদ্যনিরাপত্তা, পুষ্টি, টেকসই কৃষি ও কৃষিব্যবস্থার স্থায়িত্বের ওপর গুরুত্ব দিয়ে আসছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রতিরোধমূলক স্বাস্থ্য, স্বাস্থ্যকর জীবনযাপন এবং ঐতিহ্যবাহী চিকিৎসাপদ্ধতির নিরাপদ ও প্রমাণভিত্তিক ব্যবহারের বিষয়টি গুরুত্ব দেয়। জাতিসংঘ শিশু তহবিল (UNICEF)-এর কাজেও শিশুদের পুষ্টি, নিরাপদ পানি, স্বাস্থ্য ও স্বাস্থ্যকর পরিবেশ গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। এসব আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে আমাদের স্থানীয় বাস্তবতার একটি স্বাভাবিক সংযোগ রয়েছে।


তৃতীয় কাজ দেশীয় ও ঔষধি উদ্ভিদ সংরক্ষণ। বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক পরিসর ও কৃষিজমির উপযোগী স্থানে স্থানীয় প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ করা যেতে পারে। একই সঙ্গে প্রয়োজন সঠিক উদ্ভিদ শনাক্তকরণ, মাননিয়ন্ত্রণ, নিরাপত্তা পরীক্ষা ও প্রশিক্ষিত ব্যবহারের ব্যবস্থা।


চতুর্থ কাজ গ্রামীণ উন্নয়নের ধারণাকে নতুনভাবে দেখা। গ্রামকে শহরের অনুকরণে রূপান্তর না করে তার কৃষি, প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যকে অক্ষুণ্ন রেখে আধুনিক সুযোগ-সুবিধার সঙ্গে যুক্ত করা প্রয়োজন। কৃষি, খাদ্য, পরিবেশ, স্বাস্থ্য ও স্থানীয় সংস্কৃতিকে কেন্দ্র করে সমাজভিত্তিক গ্রামীণ উন্নয়ন গড়ে তোলা যেতে পারে।


এ জন্য কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলো স্থানীয় খাদ্য, ভেষজ উদ্ভিদ, পানি, মাটি, পুষ্টি ও জনস্বাস্থ্যের পারস্পরিক সম্পর্ক নিয়ে গবেষণা করতে পারে।


বিশ্ব আয়ুর্বেদ দিবস তাই শুধু একটি দিবস উদযাপনের বিষয় নয়। এটি নিজেদের শিকড়কে নতুন চোখে দেখার সুযোগ। ঐতিহ্যকে সম্মান করতে হবে, কিন্তু অন্ধভাবে নয়। আধুনিক বিজ্ঞানকে গ্রহণ করতে হবে, কিন্তু নিজের মাটি, খাদ্য, কৃষি ও সংস্কৃতিকে উপেক্ষা করে নয়।


সুস্থ আগামী মানে শুধু উন্নত হাসপাতাল নয়। সুস্থ আগামী মানে নিরাপদ পানি, পুষ্টিকর খাদ্য, টেকসই কৃষি, জীবন্ত প্রতিবেশ, সংরক্ষিত জীববৈচিত্র্য এবং স্বাস্থ্যসচেতন জীবনযাপন।


“Ayurveda for a Healthier  Bangladesh”  আমাদের জন্য হতে পারে এক নতুন ভাবনা। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবন, ঐতিহ্যের সঙ্গে বিজ্ঞানের সংযোগ এবং জনস্বাস্থ্যের জন্য একটি সমন্বিত ভবিষ্যৎ নির্মাণের প্রতিশ্রুতিতে সমৃদ্ধ  হউক আগামীর বাংলাদেশ। 

লেখক-আয়ূ্র্বেদ কর্মী ও গবেষক, mzaman.phd@gmail.com

০১৭১১২৬১২২৫