৩০ আশ্বিন, ১৪৩৩
১৫ অক্টোবর, ২০২৬

বিশ্বকাপ টিকিটের আবেদন এক কোটি ৫০ লাখ ছাড়ালো!

Admin Published: October 13, 2026, 5:31 pm
বিশ্বকাপ টিকিটের আবেদন এক কোটি ৫০ লাখ ছাড়ালো!

ডিএনএন ডেস্ক: ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ প্রকাশ পাচ্ছে টিকিটের আবেদনেই। টিকিটের লটারিতে নিবন্ধন চালুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।মঙ্গলবার (১৩ অক্টোবর) আইসিসি জানায়, আগামী বছরের ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে পুরুষদের ১৪তম ওয়ানডে বিশ্বকাপ। গত ১ অক্টোবর টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।


মঙ্গলবার এক বিবৃতিতে আইসিসি জানায়, এখন পর্যন্ত টিকিটের জন্য মোট ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৭৫২টি আবেদন জমা পড়েছে। ১৪২টি দেশের ক্রিকেটপ্রেমীরা লটারিতে নিবন্ধন করেছেন ৪৪ লাখ ২৩ হাজার ৪১৭। পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের ১৪তম আসর ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহেরই প্রতিফলন এই পরিসংখ্যান।


আইসিসি জানিয়েছে, ২০২৬ সালের ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আফ্রিকান সময় অনুযায়ী টিকিটের লটারিতে নিবন্ধন করা যাবে। 


একজন দর্শক প্রতি ম্যাচের জন্য একবার লটারিতে আবেদন করতে পারবেন। তবে টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচের টিকিট পেতে চাইলে একাধিক ম্যাচের জন্য আবেদন করার সুযোগ থাকবে।


আইসিসি জানিয়েছে, কোনো ম্যাচের টিকিটের চাহিদা বরাদ্দের চেয়ে বেশি হলে লটারির মাধ্যমে টিকিট কেনার সুযোগ পাওয়া দর্শকদের নির্বাচন করা হবে। লটারিতে নির্বাচিত আবেদনকারীদের ই-মেইলে জানানো হবে, কীভাবে টিকিট কেনার প্রক্রিয়ায় অংশ নিতে হবে।