স্টাফ রিপোর্টার :বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সোহানকে গ্রেফতার করেছে রাজশাহী র্যাব। শুক্রবার দিবাগত গভীর রাতে জেলার বাগমারা উপজেলার তাহেরপুর চৌকিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহান (২০) বাগমারার তাহেরপুর চৌকিরপাড়া এলাকার স্বপনের ছেলে। শনিবার রাজশাহী র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী তরুণী ও সোহান তাহেরপুর কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় থেকেই বিয়ের প্রলোভনে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। গত ১৭ আগস্ট সকাল ১০টার দিকে নিজ বাড়িতে আবারও শারীরিক সম্পর্ক স্থাপনের পর তরুণী বিয়ের কথা তুললে সোহান বিয়ে করতে অস্বীকার করে এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে সোহানকে প্রধান আসামি করে বাগমারা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহর করা হয়েছে।