৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

বৈষম্যবিরোধী কমিটিতে ‘প্রকৃত বিপ্লবীরা’ স্থান না পাওয়ায় রাজশাহীতে বিক্ষোভ

Admin Published: February 2, 2025, 5:21 pm
বৈষম্যবিরোধী কমিটিতে ‘প্রকৃত বিপ্লবীরা’ স্থান না পাওয়ায় রাজশাহীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগর কমিটিতে ‘প্রকৃত বিপ্লবীদের’ যথাযথ স্বীকৃতি ও স্থান না দেওয়ায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীদের একাংশ। 

রবিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি বের করা হয়। পরে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে মিছিল শেষ হয়। এরপর সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা। 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী এবং ত্যাগ স্বীকারকারীদের উপেক্ষা করে কমিটি দেওয়া হয়েছে। এই কমিটি অবিলম্বে বাতিল করতে হবে।

সমাবেশে শিক্ষার্থী আবদুর রহিম, সাফিউল ইসলাম অনিক, আরিবুল ইসলাম আবির প্রমুখ বক্তব্য দেন। এদের মধ্যে অনিক ও আবির কমিটিতে সদস্য পদ পেয়েছিলেন। তবে তারা তা প্রত্যাখান করেছেন। রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থী আবদুর রহিম কোনো পদই পাননি।

এরন আগে গত বৃহস্পতিবার ছয়মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগরের কমিটি ঘোষণা করা হয়। এর পরদিনই শিক্ষার্থীদের একটি অংশ সংবাদ সম্মেলন করে কমিটি প্রত্যাখান করেন এবং তা বাতিলে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। এরমধ্যে কমিটি বাতিল করা না হলে রবিবার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করলেন ছাত্রদের একাংশ।