স্টাফ রিপোর্টার : দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়নের স্বার্থে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আইন অনুযায়ী কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেছেন রাজশাহীর নবনিযুক্ত জেলা প্রশাসক আফিয়া আখতার। গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের কাজের ক্ষেত্রে কোন ধরনের ভুল থাকলে, আপনারা সুধরে দিবেন। আমরা বৈষম্যহীনভাবে কাজ করতে চাই, দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়নের স্বার্থে কাজ করতে চাই। এক্ষেত্রে আমাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
নবাগত জেলা প্রশাসক আরও বলেন, গণমাধ্যমকর্মীরা জাতির বিবেক ও চোখ। এই চোখ যেন এক পক্ষে কাজ না করে। এই জেলার বিভিন্ন দফতরে অনিয়মগুলো খুঁজে বের করে তা সংস্কারের চেষ্টা ও সময়ক্ষেপণ না করে দ্রুত সমাধানের জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন। এক্ষেত্রে সংবাদ পরিবেশনের পূর্বে তথ্যগুলো গণমাধ্যমকর্মীদের সঠিকভাবে যাচাই করার আহ্বান জানান তিনি।
মতবিনিময়কালে সাংবাদিকরা রাজশাহীর ইজারা দেওয়া খালগুলো উম্মুক্ত করে দেওয়া, বিভিন্ন হাট-বাজার ও বালু ঘাট ইজারার অনিয়ম দূর করা, ডিসি অফিসের দুর্নীতি বন্ধ করা, এলআর ফান্ডের স্বচ্ছ হিসাব রাখা, ভূমি সেক্টরকে নিষ্কলুষ করা, নীরব চাঁদাবাজি বন্ধ করা, দখলদারি বন্ধ, জলাবদ্ধতার সমাধান এবং আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যপারে নবাগত জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার অসীম কুমারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক মো. আফজাল হোসেন, রাজশাহী সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবিব অপু, চ্যানেল আই টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ সহ জেলার বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার গত ৩ নভেম্বর রাজশাহীর ১২৭তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।