১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬

বড় চমকে ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের, প্রথমবার ডাক পেলেন রহস্য স্পিনার

Admin Published: October 10, 2026, 4:26 pm
বড় চমকে ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের, প্রথমবার ডাক পেলেন রহস্য স্পিনার

ডিএনএন ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি আলিস আল ইসলামের। তবে আরও আগেই টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন এই রহস্য স্পিনার। এবার ওয়ানডে দলেও জায়গা করে নিলেন তিনি। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের ১৬ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন দাসের নেতৃত্বাধীন সেই দলে আলিসকে রেখেছেন নির্বাচকেরা।


বিপিএলে চমক দেখিয়ে ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পান আলিস। কিন্তু চোটের কারণে তখন ম্যাচ খেলা হয়নি এই ক্রিকেটারের। সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজে খেলেছেন আলিস। এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দলেও ডাক পেয়েছিলেন তিনি। একবারও মূল একাদশে জায়গা পাননি আলিস। এবার দেশের প্রতিনিধিত্ব করার আরও একটি সুযোগ পেলেন এই বোলার।


আগামী ১৭ অক্টোবর আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ। ২১ অক্টোবর শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে মাঠ নামবে লিটনরা। ২৩ অক্টোবর একই ভেন্যুতে হবে ফাইনাল।


ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, সাইফউদ্দিন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও আলিস আল ইসলাম।