স্টাফ রিপোর্টার :স্বাস্থ্যখাত ও উচ্চশিক্ষায় যৌথভাবে কাজ করার লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মো. খালেদ বিন ইউসুফ এবং রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন সেক্রেটারি প্রফেসর ড. এমএ. হাফিজ।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. সাকিব সালাহ আওফি। সেমিনারে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের প্রেসিডেন্ট প্রফেসর ড. মো. ওয়াসিম হোসেন, ট্রেজারার ডা. সাঈদ মোশাররফ হোসেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রধান প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমানসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সেমিনারে কি-নোট স্পিকারের বক্তব্যে ডা. সাকিব সালাহ আওফি ডায়াবেটিসের ধরন, চিকিৎসা পদ্ধতি, হাসপাতালের সেবাসমূহ এবং রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারের সমাপনী বক্তব্যে প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমান বলেন, বর্তমান বাস্তবতায় ডায়াবেটিস কোনো সাধারণ রোগ নয়, এটি এক নীরব মহামারী। তবে দৈনন্দিন জীবনযাত্রায় সামান্য পরিবর্তন আনলেই এ রোগ প্রতিরোধ সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, সেমিনার থেকে প্রাপ্ত জ্ঞান শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের জীবনে প্রয়োগ করবেন।