৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

Admin Published: January 29, 2026, 5:45 pm
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্টাফ রিপোর্টার : জশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। বৈশ্বিক ব্যবসা পরিবেশে টেকসই উন্নয়ন, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও আধুনিক ব্যবসা ব্যবস্থার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা জোরদারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শহীদ সাকিব আনজুম চত্বরে বৃক্ষরোপণ ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। এ সময় সম্মেলনের প্রধান অতিথি, অতিথি বক্তা, আয়োজক কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার ফ্যাকাল্টি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট-এর ডিপুটি ডিন (রিসার্চ অ্যান্ড ইনোভেশন) প্রফেসর ড. নরহায়াতি রাফিদা আবদুল রহিম। এছাড়াও কী-নোট স্পিকার হিসেবে অংশগ্রহণ করেন থাইল্যান্ডের মাহিদল বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের অ্যাসোসিয়েট প্রফেসর ড. বাবলু কুমার ধর এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের প্রফেসর ড. এ. বি. এম. মো. আজিজুল ইসলাম। আমন্ত্রিত বক্তা হিসেবে সম্মেলনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর প্রফেসর ড. শাকিলা ইয়াসমিন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. একেএম গোলাম রাব্বানী মণ্ডল।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলনের চেয়ার, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান এবং ব্যবসা ও আইস অনুষদের ডিন প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন। উদ্বোধনী বক্তব্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানভিত্তিক শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইসিবিআইএসডি ২০২৬-এর মতো আন্তর্জাতিক সম্মেলন আমাদের গবেষণা কার্যক্রমকে বৈশ্বিক পরিসরে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষাবিদ, গবেষক ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ সৃষ্টি হয়, যা টেকসই ও দায়িত্বশীল ব্যবসা ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে রাবির ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. মো. আমজাদ হোসেন বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে টেকসই উন্নয়ন, প্রযুক্তি ও নৈতিকতার সমন্বয় অত্যন্ত জরুরি। 

সম্মেলনের কো-চেয়ার হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.) ও ব্যবসায় প্রশাসন বিভাগের কো-অর্ডিনেটর ড. রেজাউল করিম। সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ-এর পরিচালক প্রফেসর ড. এএইচএম. রহমতউল্লাহ ইমন। বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, শিক্ষাবিদ ও শিল্পখাতের বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশগ্রহণ করছেন।