স্টাফ রিপোর্টার : বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের (আন্ডারগ্রাজুয়েট কনফারেন্স অন ইন্টেলিজেন্ট অ্যান্ড কম্পিউটিং সিস্টেমস) সমাপনী সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাপনী দিনে সম্মেলনের বিভিন্ন টেকনিক্যাল সেশন, ইনভাইটেড টক সেশন, আইডিয়া কনটেস্ট এবং পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অংশগ্রহণকারী দেশি ও বিদেশি বিশিষ্ট বক্তারা বিভিন্ন ইনভাইটেড টক সেশনে তাঁদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।
দুই দিনব্যাপী সম্মেলনে মোট ১২টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং ট্র্যাকের সভাপতিত্ব করেন ড. মো. গোলাম রাশেদ। দ্বিতীয় দিনে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্র্যাকের সভাপতিত্ব করেন ড. আসিফ জামান। পাশাপাশি বিশিষ্ট গবেষকগণ বিভিন্ন গবেষণা ট্র্যাক পরিচালনা করেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন।
সম্মেলনের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিআইসিএস’র টেকনিক্যাল সেশন কমিটির চেয়ার ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামীম আহমদ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.)।
সমাপনী অনুষ্ঠানে গবেষণায় উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ দুটি সেরা গবেষণা প্রবন্ধ (বেস্ট পেপার) পুরস্কার প্রদান করা হয়। সম্মেলনে মোট ১৩৬ টি গবেষণা প্রবন্ধ জমা পড়ে, যার মধ্যে ৯০টি প্রবন্ধ গৃহীত হয় এবং ৬৫টি গবেষণা প্রবন্ধ নিবন্ধনের মাধ্যমে উপস্থাপিত হয়।
সম্মেলনে মূল্যায়নের ভিত্তিতে সেরা আইডিয়া হিসেবে মোবাশ্বির আহমেদ ও মোছা. আজমিরা আক্তার আলো নির্বাচিত হন। প্রথম রানারআপ হন মোবাস্বির শাহরিয়ার অর্নব। সমাপনী বক্তব্যে বক্তারা, ভবিষ্যতেও এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।