২ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবি

Admin Published: February 19, 2026, 5:26 pm
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবি

স্টাফ রিপোর্টার : মব কালচার বন্ধ ও ক্যাম্পাসে শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবিতে স্মারকলিপি দিয়েছে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান, ভিসি ও রেজিস্ট্রার বরাবর দেওয়া স্মারকলিপিতে ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ ব্যাহত হওয়ার মতো কিছু অনাকাঙ্খিত ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জুলাই-আগস্ট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন ক্যাম্পাসে ব্যক্তিগত স্বার্থ, প্রতিহিংসা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার মাধ্যমে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে বহু শিক্ষককে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন, মানসিকভাবে বিপর্যস্ত এবং কিছু ক্ষেত্রে প্রশাসনিকভাবে অপসারণের মতো ঘটনার নজির রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে শিক্ষাঙ্গনে মব সংস্কৃতি, ভয়ভীতি ও অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে, যা একটি বিশ্ববিদ্যালয়ের মৌলিক চেতনাবিরোধী।

স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি একটি পক্ষ পরিকল্পিতভাবে এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার মাধ্যমে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অসত্য ও বানোয়াট অভিযোগ উত্থাপন করেছেন। একই সাথে আমাদের আরো একজন শিক্ষকের বিরুদ্ধেও স্ক্রিপ্টেড তথ্য তৈরী করে তা ছড়িয়ে সন্মানহানির চেষ্টা করা হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, ব্যক্তিগত বিদ্বেষ থেকে সংগঠিত মব তৈরি করা এবং সাধারণ শিক্ষার্থীদের উসকানি দিয়ে বিভ্রান্ত করা বিশ্ববিদ্যালয়ের সুরক্ষা, মর্যাদা ও একাডেমিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। একটি বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা, গবেষণা, মতপ্রকাশের স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা। এটি কোনোভাবেই অরাজকতা বা চরিত্রহননের মঞ্চ হতে পারে না।

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, গত ১৬ ফেব্রুয়ারি ক্যাম্পাসে অহেতুক হট্টগোল, উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি এবং বিশৃঙ্খল আচরণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও অস্বস্তির পরিবেশ তৈরি করেছে। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করার পাশাপাশি একটি নিরাপদ ও ইতিবাচক শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে বিপন্ন করে।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৫ দফা দাবি তুলে ধরেন। তাদের দাবির অন্যতম হলো- গত ১৬ ফেব্রুয়ারির ঘটনায় জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে দ্রুত ও দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। মব ভায়োলেন্স, উসকানিমূলক প্রচারণা ও অরাজক পরিস্থিতি প্রতিরোধে কার্যকর নীতিমালা ও নজরদারি ব্যবস্থা জোরদার করতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক তৎপরতা বৃদ্ধিরও দাবি জানানো হয়েছে।