৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

বৃদ্ধকে নায়িকার সঙ্গে বিয়ের লোভ দেখিয়ে ঘটকের প্রতারণা!

Admin Published: January 23, 2026, 6:42 pm
বৃদ্ধকে নায়িকার সঙ্গে বিয়ের লোভ দেখিয়ে ঘটকের প্রতারণা!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে এক ঘটকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। চিত্রনায়িকার সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে ৭৫ বছরের এব বৃদ্ধের কাছ থেকে কয়েক দফায় প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ওই কথিত ঘটক।

এ ঘটনায় ভুক্তভোগী দোস্ত মোহাম্মদ নামের বৃদ্ধ বাদী হয়ে শুক্রবার ঘটক আব্দুল লতিফ ওরফে ভোলার বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। কথিত ঘটক আব্দুল লতিফ ওরফে ভোলা তানোর পৌর এলাকার ধানতৈড় মহল্লার বাসিন্দা।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তালন্দ ইউনিয়নের বিলশহর গ্রামের হাজী দোস্ত মোহাম্মদকে চিত্র নায়িকার সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছে থেকে কয়েক দফায় ৬ লাখ ৯৬ হাজার ২৯৫ টাকা হাতিয়ে নিয়েছেন। এসব টাকা কখনো সরাসরি, আবার কখনো বিভিন্ন মোবাইলের বিকাশ নম্বরে নিয়েছেন। এত টাকা হাতিয়ে নিলেও দীর্ঘদিনেও প্রতারক ঘটক তাকে বিয়ে দিতে পারেনি।

ভুক্তভোগী দোস্ত মোহাম্মদ বলেন, তাকে নায়িকার সঙ্গে বিয়ে দেওয়ার নামে ৬ লাখ ৯৬ হাজার ২৯৫ টাকা বিভিন্ন কৌশলে হাতিয়ে নিয়েছে ঘটক ভোলা। কিন্তু ৮ মাস পেরিয়ে গেলেও বিয়ে দিতে পারেনি।  এত টাকা দিয়ে পরিবারের চাপে সর্বশান্ত হয়ে পড়েছেন তিনি। টাকা উদ্ধারের জন্য থানায় অভিযোগ করেছেন বলেও জানান তিনি। তবে অভিযোগ অস্বিকার করেন আব্দুল লতিফ ওরফে ভোলা। তিনি বলেন, তাকে ফাঁসানোর জন্য এমন অভিযোগ করা হয়েছে।

তানোর থানার ওসি মোহাম্মাদ শহীদুজ্জামান বলেন, এমন অভিযোগের বিষয়ে তিনি অবগত নন।  তবে থানায় অভিযোগ হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান ওসি।