৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

বৃষ্টিতে দুর্দশায় বাঁশঝাড়ে কোল পরিবার, পুনর্বাসনে জমি খুজছে প্রশাসন

Admin Published: October 31, 2025, 11:08 pm
বৃষ্টিতে দুর্দশায় বাঁশঝাড়ে কোল পরিবার, পুনর্বাসনে জমি খুজছে প্রশাসন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে উচ্ছেদ হওয়া নৃগোষ্ঠী কোল পরিবারগুলোর পুনর্বাসনের জন্য খাস জমি খুজছে প্রশাসন। তবে শুক্রবার পর্যন্ত ওই এলাকা ও আশেপাশের এলাকায় তাদের বসতি গড়ে তোলার জন্য কোনো খাস জমি পাওয়া যায়নি। ফলে বাঁশঝাড়ের নিচেই বৈরী আবহাওয়ায় মানবেতর জীবন পার করছেন তারা।

জানা গেছে, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন আশেপাশে কোথাও খাস জমি থাকলে সেখানে টিনের ঘর তুলে আশ্রয়ের ব্যবস্থা করার জন্য। উপজেলা পরিষদ থেকে এ ব্যাপারে অর্থায়ন করা হবে। কিন্তু এখনো ঘর তোলার উপযোগী জায়গা খুজে পাওয়া যায়নি।

গোদাগাড়ীর মোহনপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য নাসিরুল ইসলাম বলেন, ইউএনও’রর নির্দেশে গত বুধবার থেকে আশেপাশে খাস জমি খুঁজছি, কিন্তু পাইনি এখনো। এদিকে গত বৃহস্পতিবার পাঁচটি পরিবারকে ৬৫ কেজি চাল ও তিন হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানান তিনি।  

এদিকে গত সোমবার থেকে বাঁশঝাড়ের নিচে আশ্রয় নেওয়া কোল পরিবারগুলো গত দুদিনের বৃষ্টির কারণে সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন। বাঁশঝাড়ের নীচে রাখা চাল-ডাল- আটা ভিজে নষ্ট হয়েছে। গ্রামের অন্যের বাড়ির বারান্দা ও গোয়ালঘরেও রাত কাটিয়েছে কেউ কেউ।

বাবুডাইং গ্রামে উচ্ছেদ হয়ে বাঁশঝাড়ে আশ্রয় নেওয়া পরিবারের রুমালী হাসদা (৪৫) শুক্রবার বলেন, রাতের বৃষ্টিতে চাল ও আটা ভিজে গেছে। পলাথিন দিয়ে ঢেকেও রক্ষা করা যায়নি। তিনি জানান,বৃষ্টির কারণে খুব দুর্ভোগের মধ্য পড়েছেন তারা। শুক্রবারও বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্রজাতিসত্তার বিভিন্ন সংগঠনের নেতারা উচ্ছেদ হওয়া কোল পরিবারগুলোর দেখতে এসে সহানুভূতি জানিয়েছেন।

উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু বলেন, যে দলিল মূলে এ জমির মালিকানা দাবি করে উচ্ছেদ মামলা করা হয়। সেই দলিলই ঠিক নেই। আদিবাসী মালিককে হিন্দু সাজিয়ে, জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া দলিল সম্পাদন করা হয়েছে। এ ব্যাপারে আইনি লড়াইয়ে প্রস্তুতি তারা নিচ্ছেনর বলে জানান তিনি।

প্রসঙ্গত, বরেন্দ্রভূমির গহিনে অবস্থিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউপির বাবুডাইং গ্রামে গোদাগাড়ী সহকারী জজ আদালতের নির্দেশে গত সোমবার কোল পরিবারকে উচ্ছেদ করা হয়। উচ্ছেদের সময় এক্সেভেটর দিয়ে তাদের বাড়িঘর আসবাবপত্র গুড়িয়ে দেয়া হয়।