স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরে চাঞ্চল্যকর একটি হত্যা মামলায় তিন ভাইকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার হোজা অনন্তকান্দী গ্রামের জিয়াউর রহমান (৪৬), জয়নাল হক (৫৩) এবং নজরুল ইসলাম (৬০)। এরা সম্পর্কে তিন ভাই। শুক্রবার রাজশাহী র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ১৪ মে দুর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে মারামারির ঘটনায় হাসিবুর নামে এক ব্যক্তি নিহত হন। ওই ঘটনায় পরদিন দুর্গাপুর থানায় হত্যা মামলা হয়। মামলার এজাহারনামীয় আসামি ছিলেন ওয়াজেদ আলী।
জামিনে ছাড়া পেয়ে তিনি এলাকায় অবস্থান করছিলেন। ঘটনার দিন ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে হোজা বিলের পশ্চিম পাশে নিজের পান বরজে কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষ একই গ্রামের কমপক্ষে ৩০ থেকে ৩৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ আগস্ট তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার হোজা অনন্তকান্দী এলাকায় অভিযান চালিয়ে আসামি জিয়াউর, জয়নাল ও নজরুলকে গ্রেপ্তার করে। তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়েছে র্যাব।