৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর নিরঙ্কুশ বিজয়

Admin Published: February 12, 2026, 11:43 pm
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর নিরঙ্কুশ বিজয়

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই নিরঙ্কুশ বিজয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) রাত সাড়ে এগারোটাই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।


চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. কেরামত আলী জয়ী হয়েছেন। ১৫৯টি কেন্দ্রে তিনি দাড়িপাল্লা প্রতীকে মোট ভোট পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৮৭৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান মিয়াঁ পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৭১৯ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ২৯ হাজার ১৫৭ ভোট। এ আসনে ৭২ শতাংশ ভোটার ভোট প্রদান করেন।


চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মিজানুর রহমান জয়ী হয়েছেন। ১৮৪টি কেন্দ্রে তিনি দাড়িপাল্লা প্রতীকে মোট ভোট পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৫২৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫৩২ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ১৪ হাজার ৯৯৩ ভোট। এখানে ৬১ শতাংশ ভোটার ভোট প্রদান করেন।


চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল জয়ী হয়েছেন। ১৭২টি কেন্দ্রে তিনি দাড়িপাল্লা প্রতীকে মোট ভোট পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬১৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুনুর রশিদ পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৯৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৬২ হাজার ৬১৬ ভোট। এ আসনে ৫৭ শতাংশ ভোটার ভোট প্রদান করেন।


এরআগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিরতহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়ে, চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এবার চাঁপাইনবাবগঞ্জ জেলার সংসদীয় ৩টি আসনে ১৪ লাখ ২৯ হাজার ৬৬০জন ভোটার ছিলেন।


নির্বাচন প্রসঙ্গে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ জানান, জেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।