৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

চারঘাট-বাঘায় ধানের শীষের জোয়ারে জামায়াত কর্মীদের মাথা নস্ট হয়ে গেছে : মিথি

Admin Published: February 9, 2026, 1:14 pm
চারঘাট-বাঘায় ধানের শীষের জোয়ারে জামায়াত কর্মীদের মাথা নস্ট হয়ে গেছে : মিথি

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহী ৬-(চারঘাট-বাঘা) আসনে এবার ধানের শীষের জোয়ার দেখে দাড়িপাল্লার কর্মীদের মাথায় কাজ করছে না। তাই তারা নারী কর্মীদের ধানের শীষের সাথে টেক্কা দিতে ধর্মের নামে পাড়া-মহল্লায় মিথ্যাচার শুরু করেছে বলে অভিযোগ করেছেন ইউনিভারসিটি অফ লন্ডন শিক্ষার্থী মৌনতা ফারদিন মিথি। রবিবার বিকেলে এক উঠান বৈঠকে প্রধান বক্তা হিসাবে তিনি এসব কথা বলেন।


বাঘা উপজেলার ১ নং বাজুবাঘা  আমোদপুর গ্রামের ১ নং ওয়ার্ড সভাপতি আব্দুল কুদ্দুস সরদারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান বক্তা মিথি বলেন, আমরা ছোট বেলায় পড়েছি ১৯৭১ সালে এদেশের কতিপয় পাকিস্থানী দোসর পাক সেনাদের সাথে হাত মিলিয়ে বুদ্ধিজীবিসহ ৩০ লক্ষ মানুষের প্রাণ নিয়েছিল। ইজ্জত নিয়েছিল লক্ষ-লক্ষ মা-বোনের। অথচ আজ তারা ধর্মের নামে দাড়িপাল্লায় ভোট চেয়ে দেশ শাসন করতে চাইছে-এটা লজ্জার বিষয়। তিনি বলেন, তাদের আশা পূর্ণ হবে না। কারণ চারঘাট-বাঘার মাটি ধানের শীষের ঘাটি। তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানের কথার উদাহারণ টেনে বলেন, আমাদের দল সরকার গঠন করতে পারলে এদেশে অবকাঠামো উন্নয়ন, সরকারি নানা সহায়তা, বেকার শিক্ষার্থীদের চাকরির ব্যবস্থাসহ অভূতপুর্ব উন্নয়ন করা হবে। আপনারা উন্নয়নের চিন্তা করে ধানের শীষে ভোট দিবেন।

উঠান বৈঠকে উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশকে রক্ষা করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে এর কোন বিকল্প নাই। কারণ আমাদের প্রতিপক্ষ জামাতে ইসলামী ইতোমধ্যে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং বিভিন্ন রকম উন্নয়নের প্রতিশ্রুতির বন্যায় দেশকে ভাষিয়ে দিয়েছে। তবে আমি মনে করি, ভোটাররা এসব বিশ্বাস না করে তারা যেদিকে গড়বেন, সেই দলই বিজয়ী হবে। 

এ সভায় বিশেষ অতিথি হিসাবে বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ আক্ষেপ করে বলেন, এক সময় যারা নারী নেতৃত্ব হারাম বলতেন, এখন তাদের নারী কর্মীরা মানুষের বাড়ি-বাড়ি গিয়ে ধর্মের নামে মিথ্যাচার ছড়িয়ে ভোট নেয়ার চেষ্টা চালাচ্ছেন। কোন-কোন এলাকায় জামায়াত নেতারা বলছেন , এবার দাড়ি-পাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। ব্যাপারটা এ রকম যে, তারা সৃষ্টি কর্তা হয়ে গেছেন ! লতিব বলেন, আমাকে একটি সুত্র জানিয়েছে, এবার জামাতের নারী কর্মীরা বোরকা পরে মৃত মানুষের ভোট প্রদান করবেন। আমি-আমাদের নারী এজেন্টদের এ বিষয়ে  হুশিয়ারী দিয়ে বলতে চাই, আপনারা অবশ্যই বিষয়টি গুরুদ্বের সাথে দেখভাল করবেন।

এই অনুষ্ঠানের আয়োজক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল বলেন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহারে বলেছেন ,আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করা হবে, বৈষম্যহীন আর্থ সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন এর কথাও বলেছেন তিনি। আরো বলেছেন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধার, আঞ্চলিক  ভিত্তিক সুষম উন্নয়ন এ ছাড়াও ধর্ম,সমাজ,ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি সহ ৩১ দফা বাস্তবায়নের কথা। সুতারাং আপনারা আমাদের প্রিয় মুখ চাঁদ ভাইকে ভোট দিয়ে চারঘাট-বাঘাকে উন্নয়ন করার সুয়োগ দিবেন, এটা আপনাদের কাছে আমি দাবি রেখে গেলাম।

এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে  বাজুবাঘা ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো: জাম্বার হোসেন , প্রভাষক মাজদার রহমান, জাহিদুর ইমসলাম, দুলাল হোসেন, সান্টু শেখ, আসকান আলী,মিলন সর্দার প্রমুখ।