স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাটে কুপিয়ে রক্তাক্তের পর চালককে ফেলে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় ৩ আসামীকে গ্রেফতার করেছে এসআরবি ও পুলিশের দল। ঘটনার পর পরই চারঘাট ও বাঘা উপজেলায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে সনাক্ত ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, শহিদুল ইসলাম, আলমগীর হোসেন ও জহুরুল ইসলাম। তাদের বাড়ী বাঘা উপজেলায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আব্দুন নুর জানান, ঘটনার পর থেকে পুলিশের কয়েকটি টিম চারঘাট ও বাঘা থানায় সাড়াশি অভিযান পরিচালনা করে। পাশাপাশি এসআরবি সদস্যরাও ছায়া তদন্ত করছিলেন। এসআরবি ও পুলিশের সাড়াশি অভিযানে সোমবার রাতে বাঘা উপজেলা থেকে তাদের আটক করা হয়। এছাড়াও ছিনতাই হওয়া ভ্যানটিও উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, একদিন আগে রবিবার রাতে দুই ব্যক্তি চারঘাট বাজার থেকে পরানপুর যাওয়ার কথা বলে অনুপমপুর এলাকার কনু প্রামানিকের ছেলে তফেল আলীর ভ্যান ভাড়া করেন। এসময় পরানপুর বাজারের আগে শিশুতলা নামক এলাকায় পৌঁছলে যাত্রীবেশী ওই দুই ব্যক্তি কোমর থেকে হাতুড়ি ও চাকু বের করে ভ্যানচালক তফেল আলীকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ডোবায় ফেলে রেখে ভ্যানটি ছিনতাই করে পালিয়ে যান। তফেল আলী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন।