১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

চারঘাটে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আতঙ্ক, উত্তেজনা

Admin Published: June 13, 2025, 6:15 pm
চারঘাটে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আতঙ্ক, উত্তেজনা

স্টাফ রিপোর্টার : আমের ওজন দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীর চারঘাটে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাললে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার দিবাগত রাতের এ ঘটনার পর থেকে উপজেলার চককৃষ্টপুর ও জাহাঙ্গীরাবাদ গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহুর্তে ফের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ভায়ালক্ষিপুর ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ গ্রামের ছিয়ার উদ্দিন নামের এক ব্যক্তি তার আম নিমপাড়া ইউনিয়নের চককৃষ্টপুর মোড়ে তমজিদের দোকানে ওজন দেয়। এতে নির্ধারিত পরিমানের চেয়ে আম কম হয়েছে বলে জানালে ছিয়ারের সঙ্গে তমজিদের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি বেধে যায়। 

পরে সংবাদ পেয়ে ছিয়ারের ভাতিজা জুয়েলের নেতৃত্বে প্রায় ১০/১৫ জনের একটি দল জাহাঙ্গীরাবাদ গ্রাম থেকে দেশীয় অস্ত্র হাতে চককৃষ্টপুরে এসে স্থানীয়দের ওপর অতর্কিত ভাবে হামলা চালায়। এতে শুরু হয় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। এতে দুই গ্রামের অন্তত ১০ জন আহত হয়। 

আহতরা হলেন, চককৃষ্টপুর গ্রামের মামুন আলী, রাব্বি, তমজিদ, মুনশাদ আলী এবং জাহাঙ্গীরাবাদ গ্রামের মহির উদ্দিন, কাউছার আলী, জুয়েল আলী ও শুকুর আলী। এদের মধ্যে চককৃষ্টপুর গ্রামের মামুন ও রাব্বি এবং জাহাঙ্গীরাবাদ গ্রামের মহির উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে দুই গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। দুটি গ্রামের মাধ্যখানে একটি ব্রিজ থাকায় গ্রামের লোকজন কেউ ব্রিজ পার হতে পারছে না। 

শুক্রবার বিকেলেও ওই দুই গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা যে কোন সময় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন। চককৃষ্টপুর গ্রামের মাসুদ রানা নামের একজন বলেন, তুচ্ছ ঘটনা ঘটলেই জাহাঙ্গীরাবাদ গ্রামের লোকজন অতর্কিত ভাবে দেশীয় অস্ত্র হাতে দলবল নিয়ে এসে কৃষ্টপুর মোড়ে এসে হামলা করে। এর আগের তারা এমন কান্ড ঘটিয়েছে। এ নিয়ে একাধিকবার শালিস বৈঠকও হয়েছে। অন্যদিকে জাহাঙ্গীরাবাদ গ্রামের সাব্বির ও ইমন বলেন, আমাদের গ্রামে হিন্দুদের বসবাস বেশী তাই চক কৃষ্টপুর গ্রামের লোকজন কথা কাটাকাটি হলেই মারপিটে জড়িয়ে যায়।

 যোগাযোগ করা হলে চারঘাট থানার ওসি মিজানুর রহমান বলেন, অনাকাঙ্খিত ঘটনা যাতে আর না ঘটে এ জন্য ওই এলাকায় পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।