৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

চারঘাটে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ৯

Admin Published: October 21, 2025, 6:38 pm
চারঘাটে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ৯

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাটে জমিজমার বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় গোলাম মোস্তফা (৬০) নামের একজন নিহত হয়েছেন।একই ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার নিমপাড়া ইউনিয়নের পশ্চিম বালাদিয়াড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।চারঘাট থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার নিমপাড়া ইউনিয়নের পশ্চিম বালাদিয়াড় গ্রামের শমোতুল্লার দুই স্ত্রী। এক পক্ষের ছেলে গোলাম মোস্তফা, ফজেল উদ্দিন, নেকশাদ আলী, মঞ্জিল আলী ও মহসিন আলী। অন্য পক্ষের সন্তান রহমতুল্লাহ। পিতার রেখে যাওয়া জমি প্রথম পক্ষের সন্তানরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। তবে এ জমি ভাগ ভাটোয়ারা নিয়ে দুপক্ষের সনতানদের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে মঙ্গলবার দুপুরের দিকে রহমতুল্লাহ তার বড় ভাই গোলাম মোস্তফার কাছে পিতার রেখে যাওয়া জমির ভাগ দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বির্তকের সৃষ্টি হয়। এক পর্যায়ে শুরু হয় মারামারি। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে গোলাম মোস্তফা মারা যান। আহত অন্যদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হলেন, জাদু (৫০), লিটন আলী (৩৫ ), রিপন আলী (৩০), এনামুল হক (১৮), এজাজুল হক (২২), নাঈম আলী (১৮), আব্দুল কুদ্দুস আলী (৩৪), রফিকুল ইসলাম (৩৮) ও ফায়সাল হক (১৯)।

চারঘাট থানার ওসি মিজানুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের ঘটনায় একজন মারা গেছেন। আহতরা রামেক হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।