স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাটের গ্রামে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে গোলাম মোস্তফা নামের বৃদ্ধ খুনের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে ওমর ফারুক বাদী হয়ে একই পাড়ার শামিম আহম্মেদ নামের একজনকে প্রধান করে ১১ জনের নামে এ মামলা দায়ের করেন। মামলার পর রহমত উল্লাহ (৭০) ও দেলোয়ার হোসেন (৪৫) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে হত্যাকান্ডের পর অভিযুক্তরা গাঢাকা দেওয়ায় তাদের ঘরবাড়ীতে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে বাদী পক্ষের লোকজনের দাবি তারা লাশ দাফনসহ আহতদের চিকিৎসায় ব্যাস্ত থাকায় এ বিষয়ে কিছুই জানেন না।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার বালাদিয়াড় গ্রামে গিয়ে আসামীদের বাড়ীঘর ফাঁকা দেখা যায়। কোনো বাড়িতেই কাউকে পাওয়া যায়নি। একটি বাড়ীতে ব্যাটারিচালিত নতুন অটোরিকশা দেখা যায়। তবে তার ৫টি ব্যাটারি খুলে নেওয়া হয়েছে। অন্য বাড়ী থেকে ছাগল ও গরুও লুট করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। তবে চারঘাট থানার ওসি মিজানুর রহমান বলেন, আসামীদের বাড়িঘরে লুটপাটের কোন খবর জানা নেই। এমন ঘটনা ঘটে থাকলে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার জমি-জমার বিরোধে একই পরিবারের মধ্যে দুই পক্ষের সংঘর্ষে গোলাম মোস্তফা নামের একজন নিহত হন। এ ঘটনায় অহত হন আরো ৯ জন। তারা রামেক হাসপাতালে চিকিৎসাধিন। এ ঘটনায় মামলা দায়েরের পর পুরো পাড়া মানবশূন্য অবস্থা বিরাজ করছে। পরিবার-পরিজন নিয়ে আসামীরা আত্মগোপনে থাকায় শূন্য বাড়িঘরে লুটপাটের অভিযোগ উঠেছে।