স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাটে অগ্নিকান্ডে ৪টি পরিবারের প্রায় ১৪টি ঘর ও একটি দোকান ভষ্মীভুত গয়েছে। পুড়ে গেছে ঘরে থাকা সব ধরণের আসবাবপত্র ও মেশিনারিজ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে চারঘাট পৌর এলাকার মিয়াপুরে এ ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, মুক্তার হোসেনের ছেলে শিশির, মুস্তাকিন, মোকবুল এবং আলমের ছেলে কাঠের দোকান মালিক বাবু। সবকিছু হারিয়ে তারা এখন অসহায় হয়ে পড়েছেন। সব মিলিয়ে চার পরিবারের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন তারা।
উপজেলা ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়, ভোররাত সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যরা আগুন লাগার বিষয়টি জানতে পেরে চিৎকার দিতে থাকে। এ সময় প্রতিবেশীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘন্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে তার আগেই ৪টি পরিবারের ১৪টি ঘর ও একটি পরিবারের কাঠের নকশার দোকান পুড়ে যায়। ঘর ও দোকানের ভিতরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ, প্রয়োজনীয় কাগজপত্র, ইলেকট্রিক জিনিস ও কাঠের নকশার জন্য ব্যবহৃত মেশিনও পুড়ে যায়।
উপজেলার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক আরিফুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ধারনা করা হচ্ছে ২৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে এবং প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। এসময় উপজেলা প্রসাশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা, কম্বল ও শুকনা খাবার দেওয়া হয়।