স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারের সাড়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির নাম মো. মাসুম। সে নওগাঁ জেলার মান্দা থানার ঠাকুর মান্দা গ্রামের মৃত ছানোয়ার শেখের ছেলে।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইয়ে ব্যবহৃত রিকশা এবং চালককে শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে মাসুমকে তার নিজ বাড়ি মান্দা থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে মাসুম ছিনতাইয়ের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে জানায়, ঘটনার পরপরই সে আত্মগোপনে চলে যায়। পুলিশ জানায়, ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত রবিবার সকালে ব্যবসায়ী বিপুল ঘোষ (৩৬) তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ম্যানেজার দিলীপ কুমার প্রামানিক (৫৫)-এর মাধ্যমে নগদ ১৩ লাখ টাকা পাঠান। দিলীপ কুমার সকাল পৌনে ৯ টায় নগরীর বোয়ালিয়া থানার ঘোড়ামারা পানির পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ করে হেলমেট পরিহিত দুইজন অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী অটোরিকশার গতিরোধ করে তার চোখে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে চাকু দিয়ে আঘাত করে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনার পরিপ্রেক্ষিতে নগরীর বোয়ালিয়া থানায় একটি ছিনতাই মামলা রুজু হয়।