৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

ডা. কাজেম হত্যাকান্ডের বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

Admin Published: October 30, 2025, 6:18 pm
ডা. কাজেম হত্যাকান্ডের বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :রাজশাহীর চিকিৎসক ডা. গোলাম কাজেম হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীরা।  বৃহস্পতিবার রামেকের শিক্ষক লাউঞ্জে বৈষম্যবিরোধী চিকিৎসক ফোরামের আয়োজনে প্রথমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

ডা. গোলাম কাজেম হত্যার দুই বছর পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা বলেন, ‘এই হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত এবং বিগত সরকারের মদদে সংঘটিত। সংবাদ সম্মেলনে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পরে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ‘তৎকালীন সরকার নির্বাচনের ঠিক আগে প্রতিপক্ষ রাজনৈতিক নেতাকর্মীদের ভয় দেখাতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও এর বিচার হয়নি। বক্তারা হুঁশিয়ারি দেন, দ্রুত বিচার না হলে চিকিৎসক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। প্রয়োজনে চিকিৎসাসেবা বন্ধ রাখার ঘোষণাও আসতে পারে।

সংবাদ সম্মেলন এবং মানববন্ধনে ডা. মশিউর রহমান, ডা. জাহাঙ্গীর আলম, ডা. এম মুর্শেদ, ডা. এ এস এম আব্দুল্লাহ এবং ডা. গোলাম রব্বানীসহ শিক্ষক, চিকিৎসক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৯ অক্টোবর গভীর রাতে পেশাগত কাজ শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে মহানগরীর বর্ণালী মোড়ে দুর্বৃত্তরা ডা. গোলাম কাজেম আলীর পথরোধ করে মাইক্রোবাস থেকে নেমে বুকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।