স্টাফ রিপোর্টার : গ্রামের অন্তত দেড় হাজার মানুষকে নিমন্ত্রণ করে খাওয়ায়ে জীবদ্দশায় নিজের চল্লিশা করলেন রাজশাহীর বানেছা বেওয়া। তাঁর বয়স এখন ৯৬ বছর। তিনি রাজশাহী নগরীর খড়খড়ি বাইপাস কমলাপুর এলাকার মৃত ইনছার আলীর স্ত্রী।
১২ সন্তানের একান্নবর্তী পরিবার নিয়ে সুখের সংসার তার। তবে, শেষ বয়সে এসে মৃত্যুর স্বাদ গ্রহনের আগেই নিজের চল্লিশা স্ব-চোখে দেখে যেতে চান তিনি। তাইতো কয়েকগ্রামের প্রায় দেড় হাজার মানুষকে তৃপ্তিসহকারে খাইয়ে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি।
বৃহস্পতিবার তার নিজ এলাকায় নীল-সাদা সামিয়ানা টানিয়ে, গরু ও ছাগল জবাই করে বিশাল ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় চল্লিশা। দুপুর থেকেই গ্রামটির আশপাশ এমনকি দূর দুরান্ত থেকে মানুষ ঘটনাটি দেখতে ও চল্লিশার খাবার খেতে আসেন।
মৃত্যুর পর যদি সন্তানরা চল্লিশা করতে না পারেন, তাই জীবদ্দশায় এ আয়োজনের মধ্য দিয়ে সকলের দোয়া নেওয়ার মনস্থির করেন তিনি। ১২ সন্তানের জননীর ইচ্ছে পূরনের জন্যই মূলত এই আয়োজন। এতে ৮ ছেলে, ৪ মেয়েসহ প্রায় ৬০ জন নাতিপুতিদের নিয়ে দোয়ার আয়োজনও করা হয়। (সূত্র-উত্তরভূমি)