৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

দেশে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৬

Admin Published: November 21, 2025, 6:14 pm
দেশে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৬

ডিএনএন ডেস্ক: গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে দেশের তিন জেলায় শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন শতাধিক মানুষ।শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল ছিল ঢাকার পাশের নরসিংদীর মাধবদীতে। প্রায় ২৬ সেকেন্ড স্থায়ী কম্পনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে।রাজধানীর আরমানিটোলার কসাইটুলি এলাকায় একটি আটতলা ভবনের দেয়াল ও কার্নিশ থেকে ইট-পালেস্তরা খসে পড়ে তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন রাফিউল ইসলাম (২২), হাজী আবদুর রহিম (৪৭) এবং তার ছেলে মেহরাব হোসেন রিমন (১২)। ঢামেকে ৬ শিক্ষার্থীসহ ৪১ জন চিকিৎসা নেন, তাঁদের মধ্যে ছয়জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালেও আরও আহতদের নেওয়া হয়েছে।


নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভবনের দেয়াল ধসে ফাতেমা নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে; তার মা সহ আরও দুজন আহত হন।


নরসিংদীর পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। সদর থানার গাবতলীতে সানশেড ভেঙে পড়ে আহত হয় ওমর (১০); ঢামেকে নেওয়ার পর সে মারা যায়। তার বাবা উজ্জ্বল গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন, আর দুই বোন নরসিংদী সদর হাসপাতালে ভর্তি রয়েছে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আতঙ্কে নিচে লাফ দিয়ে আহত হন। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা ভেঙেছেন ছাত্রদল নেতা তানভীর বারী হামিম। কলাবাগান, মিরপুর, ধানমন্ডি, হাতিরপুল, গুলশানসহ একাধিক এলাকায় ভবনে ফাটল ও পলেস্তরা খসে পড়ার খবর মিলেছে। নিউ মার্কেট থানার ৩, ৪ ও ৫ তলা এবং গাজীপুরের কয়েকটি স্থাপনাতেও ফাটল দেখা গেছে।


ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্কের নানা মুহূর্ত ছড়িয়ে পড়ে। অনেকে ভিডিও পোস্ট করেন, কেউ কেউ ভবনে ফাটল দেখিয়ে সতর্কবার্তাও দিয়েছেন।


ফায়ার সার্ভিস জানিয়েছে- আরমানিটোলার ভবনে পলেস্তরা খসে পড়া ছাড়াও খিলগাঁওয়ে ইট পড়ে একজন আহত হয়েছেন; বারিধারায় আগুন লাগার খবর মিললেও কারণ নিশ্চিত হওয়া যায়নি; সূত্রাপুর, কলাবাগানসহ বিভিন্ন এলাকার ভবন হেলে পড়ার ফোন পেলেও অধিকাংশ ক্ষেত্রে ভবন নিরাপদ পাওয়া গেছে। মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাড়িতে আগুন লাগে।


নরসিংদীর পলাশের ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে সাবস্টেশনের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে- যার ফলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পিডিবি জানিয়েছে, ভূমিকম্পের কারণে নানা বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বিঘ্নিত হওয়ায় সারা দেশে সরবরাহে সমস্যা হচ্ছে। কিছু সময়ের জন্য মোবাইল নেটওয়ার্কেও বিঘ্ন ঘটে।


ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার জানিয়েছেন, ভূমিকম্পটি হয়েছে ইন্দো-বার্মা টেকটোনিক প্লেটের সংযোগস্থলে, তীব্রতা ছিল উল্লেখযোগ্য এবং ক্ষয়ক্ষতিও বেশি। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বার্তায় বলেছেন, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।