৪ কার্তিক, ১৪৩৩
২০ অক্টোবর, ২০২৬

ঢাকায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

Admin Published: July 12, 2025, 12:35 am
ঢাকায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

রাবি প্রতিনিধি : ঢাকায় মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) সামনে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা এবং দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। 

 

সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা চত্বরে শিক্ষার্থীরা জড়ো হন। পরে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

 

এসময় বিক্ষোভকারীরা ‘চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না’ ‘রক্তে ভেজা আমার ভাই, খুনি তোমার রেহাই নাই’, ‘লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে’, ‘এক-দুই-তিন-চার, চাঁদাবাজ দেশছাড়’ প্রভৃতি স্লোগান দেন।


সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, ‘ব্যবসায়ী হত্যাকারীর খুনি ছিল যুবদল। বাংলাদেশে স্পষ্টভাবে দলের নাম ধরে সমালোচনা করা শিখতে হবে। যদি তা না পারেন তাহলে সকলে আবার হাসিনা হয়ে উঠতে চাইবে। প্রত্যেকে আওয়ামী লীগ হয়ে উঠতে চাইবে। নতুন বাংলাদেশে জুলাই যতদিন বেঁচে থাকবে, আমরা কোনোভাবে কাউকে আওয়ামী লীগ হয়ে উঠতে দিব না। সেটা বিএনপি, জামাত কিংবা অন্য রাজনৈতিক দল হোক। কোনোভাবে বাংলাদেশে সন্ত্রাসবাদ কায়েম হতে দিব না।’


এসময় রাবির আরেক সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মো. ফাহিম রেজা বলেন, ‘বিদেশে বসে খুনের খেলা আর কত দেখবেন। সবাই খারাপ, শুধুমাত্র তারেক রহমান ভালো। আপনি বিদেশে বসে কী খেলা দেখছেন? দেশে আসার সাহস কেন করছেন না। শহীদ জিয়ার সন্তান হিসেবে আমরা আপনাকে ভরসা করি এবং সম্মান জানাই। আপনি কিসের ভয়ে এখনও দেশে আসছেন না। আপনাকে এই সমস্ত খুনের দায় নিতে হবে। আপনার দল চাঁদাবাজি করছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, খুন করছে এর বিচার আপনার করতে হবে। যদি না করেন তাহলে আমরা মনে করব এসব ঘটনায় আপনার সম্মতি আছে।’


আরেক সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিচার চাইতে চাইতে আমাদের নাজেহাল অবস্থা হয়ে গেছে। তারপরও আমরা বলতে চাই, অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে।’


সমাবেশটি সঞ্চালনা করেন রাবির বৈষম্যবিরোধীর সাবেক সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ। এ সময় বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ কর্মসূচি : এদিকে ঢাকায় নির্মমভাবে হত্যা ও খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে আজ রাত সাড়ে ৮টায় বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে  শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় তারা দেশব্যাপী শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি জানান ।