ডিএনএন ডেস্ক: কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ত্রুটির কবলে পড়েছে। উড়োজাহাজটির একটি চাকা খুলে গেছে বলে খবর শোনা গেলেও কর্তৃপক্ষ তাৎক্ষণিক বিষয়টি নিশ্চিত করতে পারেনি। তবে ৭১ যাত্রী নিয়ে ওই ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। শুক্রবার (১৬ মে) দুপুর ২টা ১৭ মিনিটে এটি ঢাকায় নিরাপদে অবতরণ করে বলে বাংলানিউজকে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর।তিনি বলেন, চাকার বিষয়টি কী হয়েছিল সেটি বিমানের ইঞ্জিনিয়াররা যাচাই-বাছাই করে দেখছেন। বিস্তারিত পরে বলা যাবে।