স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, ধর্মের নামে মিথ্যচার ছড়িয়ে এবার নারী কর্মীদের মাঠে নামিয়েছে জামায়াত। তিনি বলেন, যারা একাত্তরে এই দেশের বিরোধীতা করেছে, পাকিস্থানীদের সাথে হাত মিলিয়ে মা-বোনদের ইজ্জত নিয়েছে, তারা এখন দেশ শাসন করতে চাই। এ জন্য দাড়ি-পাল্লায় ভোট নিতে তারা জান্নাতের টিকিট বিক্রি শুরু করেছে।
শুক্রবার বাঘা পৌর এলাকায় দিনব্যাপী ধানের শীষের পক্ষে একাধিক সভামঞ্চে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে বিএনপিকে ভোটন দেওয়ার আহ্বান জানিয়ে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।
বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদ বলেন, জামাতের নারী কর্মীরা মানুষের বাড়ি-বাড়ি গিয়ে ধর্মের নামে নানা রকম বিভ্রান্তি ছড়িয়ে ভোট নেয়ার চেষ্টা চালাচ্ছেন। কোন-কোন এলাকায় জামায়াত নেতারা বলছেন, এবার দাড়ি-পাল্লায় ভোট দিলে জান্নাতের টিকেট পাওয়া যাবে। তবে তাদের কথায় কেউ বিভ্রান্ত হবেন না।
চাঁদ বলেন, ইতিহাস ভুলে গেলে চলবে না। একাত্তেরে পাকিস্থানী সেনাবাহিনীর সাথে হাত মিলিয়ে জামায়াত নেতারা এই দেশকে পাকিস্থানীদের হাতে তুলে দিতে চেয়েছিলো। তারা সে সময় স্বাধীনতা চায় নি। অথচ আজ তারা কথায়-কথায় মা-বোনের নিরাপত্তার কথা বলে দেশ পরিচালনা করতে চাচ্ছেন। এটা এক ধরনের ধোকাবাজি।
চাদ বলেন, তারা (জামায়াত) বিজয়ী হলে এই দেশ পাকিস্তানীদের কাছে বিক্রি হয়ে যাবে। এ জন্য ১১ টি দলকে সাথে নিয়ে জোট বেঁধেছে তারা। চাঁদ বলেন, বাংলাদেশকে রক্ষা করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। তিনি নিজেকে একজন মজলুম মানুষ দাবি করে বলেন, দলের পক্ষে কাজ করতে গিয়ে আমি বহুবার কারাগারে কাটিয়েছি। সেখানে থাকা অবস্থায় আমি আমার স্ত্রী এবং মাকে হারিয়েছি। তবুও দল থেকে দুরে সরে যায়নি।
এ সময় তার সাথে বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক বাঘা পৌর মেয়র আব্দুর রাজ্জাক, যুক্তরাজ্য প্রবাসী ব্যারিষ্টার শামসুজ্জোহা, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফুদৌলা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।