৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

ধর্ষকের শাস্তির দাবিতে রাবিতে প্রতীকী ফাঁসি

Admin Published: March 11, 2025, 4:29 pm
ধর্ষকের শাস্তির দাবিতে রাবিতে প্রতীকী ফাঁসি

রাবি প্রতিনিধি: ধর্ষকের শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতীকী ফাঁসি কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের পাশে গড়ে তোলা প্রতীকী মঞ্চে মুখে কালো কাপড় মোড়ানো আসামী সেজে ধর্ষক চরিত্রে অভিনয় করেন এক শিক্ষার্থী। দেশব্যাপী অব্যাহত ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে রাবির শিক্ষার্থীরা এমনই প্রতীকী এ ফাঁসির মঞ্চ তৈরি করে কর্মসূচি পালন করেন। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ব্যতিক্রমী এ কর্মসূতিতে চোখে-মুখে কালো কাপড় পরিধান করে দেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানানো হয়। সেইসঙ্গে বিভিন্ন দ্রোহের গান ও কবিতা, একক অভিনয় পরিবেশন করেন শিক্ষার্থীরা।

কর্মসূচিতে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘আজকের কর্মসূচিতে প্রতীকী ফাঁসির মাধ্যমে আমরা সারাদেশে উপস্থাপন করতে চেয়েছি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে হবে। সেইসঙ্গে ধর্ষককে নিন্দা করে ও চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আমাদের বোনদের নিরাপত্তাহীনতার প্রতি আঙুল তুলে আমরা বেশকিছু দ্রোহের কবিতা পাঠ করেছি। ক্যাম্পাসের তুখর আবৃত্তিশিল্পীরা কবিতাগুলো পাঠ করেছেন।

কর্মসূচিতে সমাজকর্ম বিভাগের  ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘আমরা বিগত দিনগুলোতে দেখেছি ধর্ষিতাই  সমাজে লাঞ্চিত হয়েছে অথচ ধর্ষক রাজনৈতিক ক্ষমতার বলে উচ্চবিলাসী জীবন যাপন করছে। সমাজ বাস্তবতায় পরিস্থিতি এমন যে একজন ধর্ষিতার কাছের মানুষ থেকে শুরু করে  পরিবার কেউ তাকে রাখতে চায় না। ২০২৫ সালে এসেও যদি ধর্ষণের মত নেক্কারজনক ঘটনা ঘটতে থাকে এবং  আমরা প্রতিবাদ না জানাই তবে বুঝতে হবে এই সমাজে উন্নতি ঘটে নি। এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরনের জন্য আমরা সরকারের সক্রিয় ভূমিকা আশা করছি।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদে অংশ নেন।