৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

দিগন্তজোড়া মাঠজুড়ে হলুদের গালিচা

Admin Published: December 29, 2025, 1:30 pm
দিগন্তজোড়া মাঠজুড়ে হলুদের গালিচা

​বাগমারা প্রতিনিধি  : রাজশাহীর বাগমারা উপজেলার মাঠগুলোতে এখন শুধু হলুদের মেলা। দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেতগুলো যেন হলুদ গালিচায় ঢাকা পড়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার উপজেলায় সরিষার বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষকরা। ​উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, বিঘার পর বিঘা জমিতে সরিষার আবাদ করা হয়েছে। কৃষকরা জানান, অন্যান্য ফসলের তুলনায় সরিষা চাষ বর্তমানে বেশ লাভজনক। অল্প সময়ে এবং স্বল্প খরচে এই ফসল ঘরে তোলা যায়। বিশেষ করে আমন ধান কাটার পর এবং বোরো ধান রোপণের মাঝখানের সময়ে জমি ফেলে না রেখে সরিষা চাষ করা হয়, যা কৃষকদের জন্য বাড়তি আয়ের পথ তৈরি করেছে।

​চলতি মৌসুমে কুয়াশা ও শৈত্যপ্রবাহ থাকলেও এখন পর্যন্ত তা সরিষার কোনো বড় ক্ষতি করতে পারেনি। পর্যাপ্ত ফুল ও দানার উপস্থিতি দেখে চাষিদের মুখে হাসি ফুটেছে। কৃষকরা বলছেন, বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার ফলন গত বছরের চেয়েও ভালো হবে।



​সরিষা চাষের বিশেষ কিছু সুবিধার কথা উল্লেখ করে মাধাইমুড়ি গ্রামের স্থানীয় কৃষক শামসুদ্দিন জানান, সরিষা আবাদ শেষে ওই জমিতেই আবার ধান বা অন্যান্য ফসলের আবাদ করা যায়। এতে মাটির উর্বরতাও বাড়ে এবং সারের খরচও কিছুটা কম লাগে।"



​ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ব্যক্তিগত চাহিদা মেটানো এবং বাজারে বিক্রি করে ভালো দাম পাওয়ার আশায় অনেকেই এবার সরিষার আবাদ বাড়িয়েছেন। উপজেলার কৃষি বিভাগ থেকেও কৃষকদের সময়োপযোগী পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক। 


​সরিষার এই বাম্পার ফলন শুধু কৃষকদের আর্থিক সচ্ছলতাই আনবে না, বরং স্থানীয় পর্যায়ে খাঁটি সরিষার তেলের চাহিদাও অনেকাংশে পূরণ করবে বলে মনে করেন তিনি।