৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল

Admin Published: August 8, 2025, 12:02 am
ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল

ডিএনএন ডেস্ক: ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় তিনি এ তথ্য জানান।


আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘তপশিল ঘোষণার ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন।’



এ ছাড়া সেপ্টেম্বর মাস থেকে প্রবাসী ভোটারদের বিভিন্ন বিষয়ে অবহিত করা হবে বলেও জানান তিনি।


এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করতে নির্বাচন কমিশনের (ইসি) কমিশন সভা বসে।


প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সভাপতিত্বে নির্বাচন ভবনে তার সভাকক্ষে সভা শুরু হয়। সভায় চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরপিওর সংশোধন প্রস্তাবের মধ্যে সংস্কার কমিশনের সুপারিশসহ একগুচ্ছ প্রস্তাবনা পর্যালোচনা করা হয়।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এর আগে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং আরপিও সংশোধনের খসড়া অনুমোদন করে ইসি। আচরণ বিধিমালার বিষয়ে ইসির আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে লিখিত মতামত দেওয়া হয়েছে।


এ ছাড়া গত ১০ জুলাই অষ্টম কমিশন সভায় আরপিও সংশোধনী চূড়ান্ত করার কথা থাকলেও সময়াভাবে সেদিন বিষয়টি আলোচনায় আসেনি।