৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

দুদকের অভিযান আমাদের জন্য সম্মানজনক নয় : বিভাগীয় কমিশনার

Admin Published: March 13, 2025, 3:27 pm
দুদকের অভিযান আমাদের জন্য সম্মানজনক নয় : বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, দুদক কোনো অফিসে গেলে তা আমাদের জন্য সম্মানজনক নয়। সকল দফতরকে এমনভাবে সেবা প্রদান করতে হবে যেন সেখানে দুদকের যাওয়ার প্রয়োজন না পড়ে।

বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার আইন ও বিধি-বিধান অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার অফিস সভাসমূহ আয়োজন করে।

 সভায় আজিম আহমেদ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দফতরের প্রতিনিধির কাছে বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়া, সময় ও কার্যপদ্ধতি জানতে চান। তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দফতরের প্রতিনিধিকে শিক্ষকদের এমপিওভুক্তির কার্যক্রম স্বচ্ছ প্রক্রিয়ায় ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

এসময় বিভাগীয় কমিশনার অন্যান্য দফতর ও দফতরসমূহের আওতাধীন জেলা ও উপজেলা কার্যালয়ের সরকারি সেবা সুনিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

 সভায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দফতরের প্রতিনিধি তাদের দফতরে প্রাপ্ত অভিযোগ ও তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির আবেদন নিষ্পত্তির তথ্য উপস্থাপন করেন। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার আক্তার জামিল ও মো. হাবিবুর রহমানসহ রাজশাহী বিভাগের বিভাগীয় দফতরমূহের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।