২০ ভাদ্র, ১৪৩৩
০৪ সেপ্টেম্বর, ২০২৬

দুই পর্বে বিশ্ব ইজতেমা করার প্রস্তাব

Admin Published: September 3, 2026, 7:09 pm
দুই পর্বে বিশ্ব ইজতেমা করার প্রস্তাব

ডিএনএন ডেস্ক: আগামী বছরের বিশ্ব ইজতেমা দুই পর্বে আয়োজনের প্রস্তাব করেছে সরকার। প্রথম পর্ব ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি করার প্রস্তাব দেওয়া হয়েছে।



বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাদপন্থি নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুবায়েরপন্থী ও সাদপন্থী—দুই পক্ষের সঙ্গে আলোচনা করেই তারিখ দুটি প্রস্তাব করা হয়েছে।



তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট পক্ষ ও গোয়েন্দা সংস্থার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, প্রথম পর্ব শুরু হবে ৮ জানুয়ারি শুক্রবার এবং শেষ হবে ১০ জানুয়ারি রোববার। দ্বিতীয় পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি শুক্রবার, শেষ হবে ১৭ জানুয়ারি রোববার।


স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুবায়েরপন্থীরা প্রথম ও দ্বিতীয়—দুই পর্বের ইজতেমাই আয়োজন করতে চান। অন্যদিকে সাদপন্থীরা ওই দুই পর্বের পর রমজানের আগে সুবিধাজনক সময়ে আলাদা এক পর্বে ইজতেমা আয়োজনের সুযোগ চেয়েছেন। এ বিষয়ে অন্য পক্ষের সঙ্গেও আলোচনা করবে সরকার।


তিনি বলেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের সংঘর্ষ এড়ানো। অতীতে ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটায় সব দিক বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দুই পক্ষকেই একসঙ্গে ইজতেমা আয়োজনের আহ্বান জানিয়েছে সরকার।


মাওলানা সাদের বাংলাদেশে আসার বিষয়ে তিনি বলেন, বিষয়টি ধর্ম মন্ত্রণালয় দেখবে। প্রচলিত ভিসানীতি অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদনের পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।