স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরে রাতের আঁধারে ৮ দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে জানা গেছে।
রবিবার দিবাগত রাতে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের পাঁচুবাড়ী ও শ্রীধরপুর বাজারে এই চুরির ঘটনা ঘটে। দোকান মালিকদের দাবি ৮টি দোকানের তালা ভেঙ্গে ও সাটার কেটে প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি করেছে দুর্বৃত্ত্বরা।
বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন থেকে এই বাজারে আমি ব্যবসা করে আসছি। এরকম ঘটনা আগে কখনো পড়েনি। চুরির ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক শাহজাহান মিঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের লিখিত অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।