৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

দুর্গাপুরে আসামী গ্রেফতার করায় বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর

Admin Published: November 17, 2024, 4:23 pm
দুর্গাপুরে আসামী গ্রেফতার করায় বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামে হত্যা চেষ্টার ঘটনায় থানায় দায়ের করা মামলায় এক আসামীকে গ্রেফতারের পর বাদীর বাড়িতে হামলা ও ভাংচুর চালানোর অভিযোগ উঠেছে। দায়ের করা মামলা প্রত্যাহার না করলে অন্য মামলায় ফাঁসানোসহ বাদীর পুরো পরিবারকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। আসামীদের অব্যাহত হুমকিতে বাদীর পরিবার চরম নিরাপত্তাহীতায় ভুগছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর উপজেলার মাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের কাছে চাঁদাদাবি করে একই গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র আলাউদ্দিন, আলাউদ্দিনের পুত্র রকি, বেলাল হোসেন, সোহান আলী, আজাদ আলী, মনি, মানিক ও কলিমুদ্দিন নামের কয়েকজন ব্যাক্তি।

তাদের দাবি করা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে লাঠিসোটা, লোহার রড, হাসুয়া, হাতুড়িসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শফিকুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় শফিকুল ইসলামের হাত পা ভেঙ্গে দেয়া হয়। শফিকুল ইসলামের স্ত্রী ও বোনকে মারপিট করে গুরুতর আহত করে। হামলার পর থেকে গুরুতর আহত শফিকুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন।

এ ঘটনার পরের দিন ১২ নভেম্বর দুর্গাপুর থানায় চাঁদাদাবি ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেন শফিকুল ইসলামের স্ত্রী আয়েশা বেগম। ওই মামলায় শনিবার দিবাগত রাতে মাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে আসামী সোহান আলীকে গ্রেফতার করে পুলিশ।

মামলার বাদী আয়েশা বেগম  অভিযোগ করেন, থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামী সোহান আলীকে গ্রেফতার করায় মামলার অপর আসামীরা রাতেই আমার বাড়িঘর ভাঙচুর করে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে যায়। আসামীদের হুমকি ধামকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান আয়েশা বেগম।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাশীষ নন্দী জানান, হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সোহান নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

দুর্গাপুর থানার ওসি দূরুল হোদা বলেন, আসামী গ্রেফতারের পর বাদীর বাড়িতে হামলা ভাংচুর করা হয়েছে এমন খবর জানা নেই। তবে মামলার তদন্ত চলছে। ইতোমধ্যে একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।