৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১০

Admin Published: May 15, 2025, 6:26 pm
দুর্গাপুরে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১০

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরে দুই পক্ষের সংঘর্ষে হাসিবুর রহমান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষর (বিএমডিএ) ডিপ টিউবওয়েল নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এদিকে এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষের ঘরবাড়ি ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হোজা অনন্তকান্দি দক্ষিণপাড়া গ্রামের ডিপ টিউবওয়েল নিয়ে স্থানীয় রেজাউল হক ও আবুল কাশেম পক্ষের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। গত রমজান মাসে আবুল কাশেমের ছেলে নিহত হাসিবুর রহমান একটি ডিপ টিউবওয়েলে তালা ঝুলিয়ে দেন। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিস দরবার হয়েছে। তারপরও দুই পক্ষের প্রচণ্ড রেষারেষি চলে আসছিল।

গত মঙ্গলবার দুপুরে হাসিবুর তাঁর ফুফাতো ভাই শফিকুল ইসলামের জমি মাপজোখ করছিলেন। এ সময় হাসিবুরের সঙ্গে মাপজোখ নিয়ে অপর পক্ষ বিএনপি নেতা ওয়াজেদ আলীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরদিন বুধবার এসব ঘটনার জের ধরে প্রতিপক্ষ শাহিন ইসলামের সঙ্গে আবারও বিবাদে জড়িয়ে পড়েন হাসিবুরের পক্ষ। ওই দিন সন্ধ্যার পর হাসিবুর বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকেরা রামদা দিয়ে কুপিয়ে হাসিবুরের হাত ও শরীরে বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে ফেলেন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানে মারা যান।

নিহত হাসিবুরের বোন কুলসুমা খাতুন বলেন, রজাউল হকের লোকজন জামরুল ইসলাম জামু, ওয়াজেদ, ফরিদ উদ্দিন, বাবু হোসেন, শাহিনরা রামদা দিয়ে আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে।

দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা বলেন, দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে একজন মারা গেছেন। এ ঘটনায় মামলা হয়েছে।