১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে হাসিবুর হত্যা মামলার আসামী ঢাকায় গ্রেফতার

Admin Published: May 26, 2025, 5:10 pm
দুর্গাপুরে হাসিবুর হত্যা মামলার আসামী ঢাকায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরের হোজা অনন্তপুর গ্রামে চাঞ্চল্যকর হাসিবুর হত্যা মামলার আসামী রেজাউল হককে (৪৮)  রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। রাজশাহী ও মিরপুর র‌্যাব যৌথ অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে মিরপুর থানাধীন জোনাকী রোডের আহমদনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব। র‌্যাব জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১৪ মে সকালে মামলার বাদী আবুল কাশেমের সঙ্গে একই গ্রামের আসামিদের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে ওইদিন সন্ধায় পূর্বপরিকল্পিতভাবে আসামিরা হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্রসহ আবুল কাশেমের লোকজনের ওপর চালায়। এতে কাশেমের ছেলে হাসিবুরসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে হাসিবুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে, রাতে তাকে মৃত ঘোষণা করা হয়। 

এ ঘটনায় পরদিন (১৫ মে) দুর্গাপুর থানায় বাদী আবুল কাশেম ১৮ জনকে এজাহারনামীয় এবং ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামীরা পলাতক। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল হক ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।