৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে জন্ম নিলো দুই মাথাওয়ালা গরুর বাছুর, তিন কান, চার চোখ!

Admin Published: May 4, 2025, 7:40 pm
দুর্গাপুরে জন্ম নিলো দুই মাথাওয়ালা গরুর বাছুর, তিন কান, চার চোখ!

স্টাফ রিপোর্টার : গাভীর পেট থেকে অদ্ভুত ধরনের এক বাছুর জন্ম নিয়েছে রাজশাহীর দুর্গাপুর উপজেলায়। বাছুরটির দুই মাথা, তিন কান ও চার চোখ। অদ্ভুত প্রকৃতির বাছুরটিকে দেখতে দূর-দূরান্ত থেকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার নন্দীগ্রামের হিন্দু পাড়ায় ছুটে আসছেন উৎসুক মানুষ।

জানা যায়, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নান্দীগ্রাম হিন্দুপাড়ার বাসিন্দা জ্যোতিষ সন্ন্যাসীর (৩৫) বাড়িতে তার পালিত গাভী থেকে ওই বাছুরটির জন্ম হয়।

জ্যোতিষ সন্ন্যাসী জানান, গরু-বাছুর পালন করেই আমার দিন যায়। আমার একটা গাভী রবিবার বাছুর জন্ম দিয়েছে। বাছুরটির দুই মাথা, তিন কান ও চার চোখ। তবে পা চারটায় রয়েছে। অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ঠিক রয়েছে। প্রথমে কিছুটা ভয় পেয়েছিলাম। এমন অদ্ভুত বাছুর কখনোই দেখেনি।

নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী সরদার বলেন, ঘটনাটি আমার গ্রামের। খবর পেয়ে বাছুরটি এক নজর দেখতে গেছিলাম। বাছুরটি দেখতে অদ্ভুত। একরকম ‘অলৌকিক’। বাছুরটি দেখার জন্য উৎসুক মানুষজন ভিড় জমিয়েছে জ্যোতিষ সন্ন্যাসীর বাড়িতে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘উপজেলার নান্দিগ্রামের হিন্দুপাড়া বাসিন্দা জ্যোতিষ সন্ন্যাসীর বাড়িতে একটি বিকলাঙ্গ বাছুরের জন্ম হয়েছে। জেনেটিক ডিজঅর্ডারের কারণে বাছুরটি এ রকম বিকলাঙ্গ হয়েছে। এটার তেমন চিকিৎসা নেই। এসব বাছুর খুব স্বল্প মেয়াদে বাঁচে। বলা যায় কয়েক ঘণ্টা বা কয়েকদিন পর্যন্ত বাঁচতে পারে। তিনি আরও বলেন, জ্যোতিষ সন্ন্যাসীকে আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে।