স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাড়িয়াপাড়া গ্রামে জুয়েল রানা (২৬) হত্যার ঘটনায় মূল আসামী তোফাজ্জল হোসেন লাবুকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
মঙ্গলবার বিকেলে উপজেলার ঝালুকা ইউনিয়নের হাড়িয়াপাড়া গ্রামবাসী ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে হাড়িয়াপাড়া-আমগাছি সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িত প্রধান আসামী তোফাজ্জল হোসেন লাবুকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এছাড়াও নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে গ্রামবাসী আরও কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত জুয়েল রানার স্ত্রী রিতা বিবি ও তার মা মর্জিনা বেগম। এছাড়াও, গ্রামবাসীর মধ্যে বক্তব্য রাখেন, হোসেন আলী, মাসুদ রানা, হাসান আলী, বাক্কার আলী, আক্তার আলী, ইয়াদ আলী, হায়দার আলী, আমিনুল ইসলাম, আলম, আলতাফ, হাসেম ও আনোয়ারসহ প্রমুখ।
প্রসঙ্গত, গত ৪ জুন জুয়েল রানাকে পেছন থেকে আঘাত করে তোফাজ্জল হোসেন লাবু। ঘটনার দুদিন পর ৬ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুয়েল রানা।