স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এক পানচাষির গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ পাওয়া গেছে। বরজের ছাউনির বাঁশের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল।
নিহত কৃষকের নাম রাসেল মোল্লা (২৫)। তিনি উপজেলার শ্যামপুর গ্রামের নাছের মোল্লার ছেলে। রাসেলকে হত্যা করে এভাবে গলায় ফাঁস দিয়ে লাশ রাখা হয়েছিল বলে দাবি স্বজনদের।
শনিবার সকালে দুর্গাপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এর আগে শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন রাসেল মোল্লা।
স্থানীয়রা জানান, রাসেলের নিজের জমিতে তার পানবরজ আছে। তবে লাশ পাওয়া গেছে তার চাচা আব্বাস মোল্লার পানবরজে। আগের রাত থেকে নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা শনিবার সকাল থেকে তাকে খোঁজাখুঁজি করছিলেন। এ অবস্থায় পানবরজে তার লাশ পাওয়া যায়।
রাসেল মোল্লার চাচাতো ভাই রিপন মোল্লা বলেন, ‘রাসেল মোল্লা ভালো ছেলে ছিল। সে গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল, তাকে রাতের কোন এক সময় কেউ হত্যা করে লাশ পানবরজের সঙ্গে ঝুলিয়ে রাখে। আমরা হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, ‘রাসেলের পরিবার সুখি পরিবার। সহজ সরল একজন যুবক। হঠাৎ নিখোঁজের পর পানবরজে লাশ দেখে আমরা হতবাক। এলাকায় তার সাথে কোন মানুষের শক্রতার কথা শোনা যায়নি যে তাকে কেউ হত্যা করতে পারে।’
দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনেই মৃত্যুর কারণ জানা যাবে। পাশাপাশি পুলিশের তদন্তও চলছে।