স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অনশন করছেন জোসনা খাতুন (৩০) নামের এক নারী। দাবি না মানলে প্রেমিকের বাড়িতে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন তিনি। রবিবার সকাল থেকে প্রেমিক নাজমুলের বাড়ির দরজার পাশে অবসথান শুরু করেছেন ওই নারী।
প্রেমিক নাজমুল হক উপজেলার ঝালুকা ইউনিয়নের তালপট্রি গ্রামের মোতালেব হোসেন মতোর ছেলে। এ ঘটনার পর থেকে প্রেমিক বাড়ি ছেড়ে লাপাত্তা রয়েছে।
অনশনে থাকা জোসনা খাতুন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকার আবদুস সামাদের মেয়ে। তার স্বামীর সাথে বিচ্ছেদের পর সে গাজীপুরের এক পোশাক কারখানায় চাকরি করেন। তার একটি পুত্র সন্তানও রয়েছে।
ভুক্তভোগী জোসনা জানান, গাজীপুরের গার্মেন্টস কারখানায় চাকরি করা অবস্থায় ১ বছর আগে নাজমুলের সাথে মোবাইল ফোনে কথোপকথন শুরু হয়। এক পর্যায়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি। পরে নাজমুল আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। এরপর বিয়ের কথা বললে গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) সিরাজগঞ্জ থেকে রাজশাহীর বানেশ্বরে নিয়ে আসে। সেখানে একটি বাসায় আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। পরে আমার কাছে যা টাকা ছিল নিয়ে বানেশ্বর বাজারে এসে কাজীকে ডেকে বিয়ে করবে বলে সটকে পড়ে। পরে নাজমুলের বাড়ির ঠিকানা নিয়ে তার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করি।
তবে নাজমুলের বাড়ির লোকজন শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ করেন এ নারী। তিনি বলেন দাবি না মানলে আমি এখানেই আত্মহত্যা করবো। সন্ধায় এ রিপোর্ট লেখার সময় ওই নারী সেখানেই অবস্থান করছিলো।
স্থানীয় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজেনা বিবি বলেন, ঝালুকার তালপট্রি গ্রামে নাজমুলের বাড়িতে অনশনে থাকা এক নারীকে মারপিট করার খবর শুনে দুইজন গ্রাম পুলিশ পাঠিয়েছি। স্থানীয় মাতব্বর এলাকায় বসে বিষয়টি সুরাহা করার কথা বলে জানিয়েছে। দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।