৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে স্কুলকক্ষে মিলল নৈশপ্রহরীর লাশ, পাশে ছিলো কীটনাশকের বোতল

Admin Published: May 18, 2025, 6:59 pm
দুর্গাপুরে স্কুলকক্ষে মিলল নৈশপ্রহরীর লাশ, পাশে ছিলো কীটনাশকের বোতল

স্টাফ রিপোর্টার :  রাজশাহীর দুর্গাপুরের কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে রবিবার একই বিদ্যালয়ের নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে থানার পুলিশ। ওই নৈশপ্রহরীর নাম মোজাফফর হোসেন (৫৫)। তিনি উপজেলার সুখানদিঘী গ্রামের মৃত ওহির উদ্দিনের ছেলে।

নৈশপ্রহরী মোজাফফরের বড় ছেলে নাইম হাসান বলেন, আমার বাবা কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রায় ২৪ বছর যাবত নৈশপ্রহরীর চাকরি করেন। শনিবার রাতে বাড়ি থেকে বের হয় স্কুলে যাবে বলে। রাতে বৃষ্টি হওয়ায় বাবা বাড়িতে রাতের খাবার খেতে আসেন নি। আমরা পরিবারের লোকজন মনে করছি রাতে বৃষ্টি হওয়ায় বাবা বাজারেই রাতের খাবার খেয়েছেন।

রবিবার সকালে বাড়ি না ফেরায় মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি। স্কুলে গিয়ে ডেকেও কোন সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে স্কুলের পিয়নকে ডেকে দরজা খুললে বাবার লাশ পাওয়া যায়।

নাইম আরও বলেন, বাবা  আগে একবার স্ট্রোক করেছিলের। তিনি অসুস্থ ছিলেন। দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, মৃত মোজাফফর ওই বিদ্যালয়ের নৈশপ্রহরী ছিলেন। লাশ উদ্ধারের সময় তার পাশেই কীটনাশকের বোতল পাওয়া গেছে। নাক ও মুখ ফেনা বের হচ্ছিল। ধারণা করা হচ্ছে তিনি কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। 

মৃতের পরিবার আত্মীয়-স্বজন ও স্কুলের প্রধান শিক্ষকসহ স্থানীয় জনসাধারনদের জিজ্ঞাসাবাদে তাদের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানা একটি  অপমৃত্যু মামলা হয়েছে।