স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেছেন রাজশাহী মেট্টোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মাহাম্মদ আবু সুফিয়ান।
রবিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দফতরের সভাকক্ষে ‘গেল আগস্ট মাসের’ অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সভায় মহানগরীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। এ সময় পুলিশ কমিশনার বিশেষভাবে শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নিবিঘ্ন করতে আরএমপির পদক্ষেপ বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।
সভায় আগস্ট মাসের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করা হয় এবং গৃহীত পদক্ষেপগুলোর কার্যকারিতা মূল্যায়ন শেষে পরবর্তী সময়ের জন্য বাস্তবভিত্তিক ও কার্যকর কৌশল নির্ধারণ করা হয়। এই সময়ে পুলিশ কমিশনার গেল জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত সামগ্রিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ পারফরমেন্সের জন্য পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করেন। এছিাড়াও তাঁদের কর্মদক্ষতার ভিত্তিতে অর্থ পুরস্কারে ভূষিত করেন পুলিশ কমিশনার।
সভায় উপ-পুলিশ কমিশনার (সদর) ও সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।