৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

এবারও বিজয় দিবসে প্যারেড হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Admin Published: November 19, 2025, 6:25 pm
এবারও বিজয় দিবসে প্যারেড হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিএনএন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে দেশে কোনও ধরনের অস্থিরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। গত বছরের মতো এবারও বিজয় দিবসে প্যারেড হবে না বলেও জানিয়েছেন তিনি।বুধবার (১৯ নভেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নকল্পে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।



স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিজয় দিবস উপলক্ষে কোনও শঙ্কা নেই। শেখ হাসিনার রায়কে ঘিরেও কোনও অস্থিরতা সৃষ্টি হয়নি।”



তিনি বলেন, “বিজয় দিবসের কর্মসূচিতে কোনও পরিবর্তন নেই। আগে যেভাবে সব কর্মসূচি হয়েছে, এবারও সেভাবে হবে। বরং আরও বেশি হবে। তবে গতবারের মতো এবারও প্যারেড অনুষ্ঠিত হবে না।”


গ্রেফতারি পরোয়ানা ছাড়া মঙ্গলবার দিবাগত রাতে ডিবি পরিচয়ে সাংবাদিককে তুলে নিয়ে পরে ফেরত দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “এ বিষয়টা আমি প্রথম শুনলাম। অনুসন্ধান করার পর হয়তো আমি বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।”


ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।