৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

ঈদের আগে চাঁদাবাজদের ধরতে বিশেষ কৌশল নিয়েছে রাজশাহী র‌্যাব

Admin Published: June 1, 2025, 2:40 pm
ঈদের আগে চাঁদাবাজদের ধরতে বিশেষ কৌশল নিয়েছে  রাজশাহী র‌্যাব

স্টাফ রিপোর্টার : ঈদের আগে চাঁদাবাজদের ধরতে বিশেষ কৌশল নিয়েছে রাজশাহী র‌্যাব। রবিবার রাজশাহীর সিটিহাটে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। 

রাজশাহী র‌্যাবের অধিনায়ক বলেন, রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটে বড় বড় কোরবানির পশুর হাট রয়েছে। তাই এসব এলাকায় র‌্যাবের বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে। বিশেষ করে মহাসড়কে যেন কোনো রকম চাঁদাবাজি না হয় তার জন্য র‌্যাবের চেকপোস্ট বসানো হয়েছে। গভীর রাতে র‌্যাবের তৎপরতা আরও বাড়ানো হয়েছে।

র‌্যাব অধিনায়ক বলেন, কোন ধরণের চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, পশুর হাটে পশু তোলা নিয়ে জোর-জুলুম যেন না করা হয়, তার জন্য বড় বড় হাটগুলোতে র‌্যাবের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের পাশেই স্থাপন করা হয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। এখান থেকে হাটে আসা ক্রেতা-বিক্রেতারা গরমে অসুস্থ বোধ করলে সহজেই চিকিৎসা নিতে পারবেন। জটিল পরিস্থিতি তৈরী হলে র‌্যাবের অ্যাম্বুলেন্সে তাদের হাসপাতালে নেওয়া হবে।

তিনি জানান, জাল টাকা শনাক্তকরণের জন্য হাটে মেশিন রাখা হয়েছে। র‌্যাবের গোয়েন্দা নজরদারিও চলছে। ঈদ পরবর্তী সময় পর্যন্ত এই ব্যবস্থা অব্যহত থাকবে। ঈদের আগে হাটে আসা ক্রেতা বিক্রেতাসহ সকলেই নির্বিঘ্নে পশু কেনাবেচা করতে পারবেন বলে তারা আশা করছেন।