স্টাফ রিপোর্টার : সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রায় দেড় শতাধিক পথশিশুর মাঝে নতুন পোশাক ও উপহার সামগ্রী বিতরণ করলো রাজশাহী বিভাগ ইউনাইটেড ন্যাশনস ইয়ুথ এন্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)।
শুক্রবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) পথশিশুদের মাঝে এ নতুন পোশাক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাঈন উদ্দিন ও অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান।
সংশ্লিষ্টরা জানায়, ঈদ আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতে প্রতি বছরের মতয় এবারও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদের নতুন পোশাক ও উপহার সামগ্রী বিতরণ করেন এ সংগঠনের সদস্যরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও শুভাকাঙ্খীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে রাজশাহী শহরের বিভিন্ন এলাকা থেকে পথশিশুদের একত্রিত করে এসব পোশাক ও উপহার সামগ্রী বিতরণ করেন তারা। এসময় পথশিশুদের সাথে তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
নতুন পোশাক পেয়ে এক ছোট শিশু বলেন, নতুন জামা পেয়ে খুবই ভালো লাগছে আমার। জামাটাও অনেক সুন্দর। নতুন জামা দিয়ে এবার ঈদ করতে পারবো বলে উচ্ছ্বাস প্রকাশ করেন এ শিশু। দুই বছর বয়সের বাচ্চার পোশাক নিতে ভদ্রা এলাকা থেকে আসা এক অভিভাবক বলেন, আমরা অনেক মা বাবা আছি যারা ঈদ উপলক্ষ্যে আমাদের সন্তানদেরকে জামা-কাপড় কিনে দিতে পারিনা। আমার চারটা বাচ্চা থাকায় দুজনকে দিতে পারলেও আর দুজনকে দেওয়া সম্ভব না। আমরা এ সংগঠনকে ধন্যবাদ জানাই এমন সুন্দর আয়োজন করার জন্য। তাদের দেওয়া নতুন পোশাকেই আমার বাচ্চা ঈদ পালন করবে।
সংগঠনের সদস্য সুমন ও মেঘার সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. মাঈন উদ্দিন বলেন, এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ইউনিস্যাবের নতুন পোশাক বিতরণ আসলেই প্রশংসার দাবিদার। এমন আয়োজন সকল ছাত্র সংগঠনগুলো করা উচিত। এমন আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।
ইউনিস্যাবের আঞ্চলিক সম্পাদক মো. শিহাব মিয়া বলেন, এ সংগঠন প্রতি বছরই এই প্রোগ্রামের মাধ্যমে সমাজের কিছু সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে হাসি ফোটানোর চেষ্টা করে। এই বছরও আমরা চেষ্টা করেছি রাজশাহী অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা এবং খাদ্য বিতরণ করার।
এসময় উপস্থিত ছিলেন ইউনিস্যাবের উপদেষ্টা ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক জহুরুল হক আনিস, রাবির অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’র পরিচালক ড. সাজ্জাদুর রহিম, সংগঠনটির আজীবন সদস্য রাশেদুল ইসলাম সজীব ও অ্যালামনাসবৃন্দ।#