স্টাফ রিপোর্টার :রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার দুপুরে তাকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করা হলে শুনানী শেষে আদালতের বিচারক ফয়সাল তারেক একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আদালতে এদিন আসাদুজ্জামানের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। তবে আদালত তা নামঞ্জুর করেছেন। পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক এ তথ্য জানিয়েছেন। এদিকে আদালতে রিমান্ড মঞ্জুর হওয়ার পর প্রিজন ভ্যানে তোলার সময় আসাদুজ্জামান আসাদ সাংবাদিকদের বলেন, ‘অন্যায়ভাবে আছি, বিজয় হবেই।’
রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা তদন্ত করছেন নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একজন উপপরিদর্শক (এসআই)। তিনি আদালতে আসাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। রবিবার আবেদনের শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেফতার হন আসাদুজ্জামান আসাদ। এরপর তাকে রাজশাহী জেলা ও মহানগরের সাতটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে নগরের বোয়ালিয়া থানার একটি মামলায় তার রিমান্ডের আবেদন করে পুলিশ।