২৭ বৈশাখ, ১৪৩৩
১০ মে, ২০২৬

একীভূত ৫ ব্যাংকের আমানত ফেরতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

Admin Published: May 10, 2026, 12:58 pm
একীভূত ৫ ব্যাংকের আমানত ফেরতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের গ্রাহকদের জমানো টাকা ফেরত, ‘হেয়ার কাট’ বাতিল এবং ব্যাংক লেনদেন স্বাভাবিক করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী আমানতকারীরা। আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত নগরের অলোকার মোড়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, রাজশাহী বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে একীভূত হওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (FSIB), গ্লোবাল ইসলামী ব্যাংক (GIB), সোশ্যাল ইসলামী ব্যাংক (SIBL), এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক পিএলসির গ্রাহকেরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দেন এক্সিম ব্যাংকের গ্রাহক নওশীন জাহান ও তাহমিদুল হক, সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহক মো. আপেল মাহামুদ, গ্লোবাল ইসলামী ব্যাংকের গ্রাহক মো. ফয়সাল কবির, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক মাসুদ রানাসহ অন্যরা।

বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পাঁচটি ব্যাংক একীভূত হয়ে সমন্বিত ইসলামী ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করলেও গ্রাহকেরা স্বাভাবিকভাবে আমানতের টাকা তুলতে পারছেন না। ‘হেয়ার কাট’-এর নামে আমানতের একটি অংশ কেটে রাখা হচ্ছে, যা গ্রাহকদের জন্য অমানবিক ও অন্যায্য।

তাঁরা বলেন, এফডিআর, ডিপিএস ও এমটিডিআরের টাকা চুক্তি অনুযায়ী পূর্ণ মুনাফাসহ ফেরত দিতে হবে। ২০২৬ সালের জন্য ঘোষিত ৯ থেকে ৯ দশমিক ৫ শতাংশ মুনাফার হার প্রত্যাহার করে আগের চুক্তিভিত্তিক মুনাফার হার বহাল রাখারও দাবি জানান তাঁরা।

মানববন্ধনে বক্তারা ব্যাংকিং লেনদেন স্বাভাবিক রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে চট্টগ্রামের মতো রাজশাহীতেও শাখায় শাখায় তালা দেওয়া, ব্যবস্থাপকদের অবরুদ্ধ করাসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেন।

পরে অংশগ্রহণকারীরা এক্সিম ব্যাংকের প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।