৩০ আশ্বিন, ১৪৩৩
১৫ অক্টোবর, ২০২৬

একজন সংবাদকর্মী

নুরুজ্জামান Published: October 6, 2026, 11:07 pm
একজন সংবাদকর্মী

আমি একজন সংবাদকর্মী।প্রতিদিন হাজার খবরের ভিড়ে আমার দিন শুরু হয়-কোথাও দুর্ঘটনা, কোথাও মৃত্যু, কোথাও স্বজন হারানোর কান্না, কোথাও মানুষের অসহায় আর্তনাদ। আমি সেই খবর লিখি। শব্দের পর শব্দ সাজাই, ঘটনার ভেতর থেকে সত্যটাকে তুলে আনি।কিন্তু সব খবর শুধু খবর হয়ে থাকে না।কোনো মায়ের কান্না,কোনো বাবার নির্বাক চোখ,কোনো সন্তানের হঠাৎ এতিম হয়ে যাওয়া লেখা শেষ হলেও সেসব গল্প শেষ হয় না।


কখনো লিখি ধর্ষণের খবর, কখনো নারী নির্যাতন, কখনো শিশুশ্রম, মাদক, দুর্নীতি, কোথাও বৈষম্য, কোথাও প্রতারণা, কোথাও  ক্ষমতার কাছে ন্যায় বিচারের অসহায় পরাজয়।

মানুষ ভাবে-সংবাদকর্মীরা বুঝি এসবের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু না...আমরা অভ্যস্ত হইনি, শুধু কষ্ট লুকাতে শিখেছি।প্রতিটি মৃত্যু প্রশ্ন তোলে, প্রতিটি অন্যায় ছুঁয়ে যায়, প্রতিটি অসহায় মুখ মনের কোথাও দাগ রেখে যায়।

তবুও লিখতে হয়। কারণ সংবাদ থেমে থাকে না।


একটি কান্না শেষ হওয়ার আগেই আরেকটি কান্নার খবর আসে। হয়তো আমার হাতে ক্যামেরা নেই, মাইক্রোফোন নেই-আছে শুধু একটি কলম,একটি কীবোর্ড, আর সত্যের কাছে দায়বদ্ধ থাকার সাহস। আমি লিখি... কারণ কোনো অন্যায় নীরবে চাপা পড়ে যাক, তা আমি চাই না।আমি লিখি ,কারণ কোনো অসহায়ের কান্না শুধু চার দেয়ালের মধ্যে হারিয়ে যাক,তা আমি চাই না।


দিন শেষে সব লেখা শেষ হয়, স্ক্রিন বন্ধ হয়,কাজ শেষ হয়। কিন্তু কিছু সংবাদ স্ক্রিনে থাকে না- থেকে  যায়  মনের ভেতর। কিছু মুখ ভুলতে পারি না,কিছু কান্না কানে বাজে,কিছু গল্প নীরব রাতে ফিরে আসে।


তখন মনে হয়-আমিও তো মানুষ। আমারও কষ্ট হয়,আমারও মন ভেঙে যায়, আমারও কখনো -কখনো চোখ ভিজে আসে।

তবুও পরদিন আবার কলম হাতে নেই। কারণ-সংবাদ থামে না, সত্য থামে না,মানুষের গল্পও থামে না।

তাই আমিও থামি না।অন্ধকারের ভেতর থেকে সত্যের জন্য একটু আলো খুঁজি।


আমি শুধু সংবাদ লিখি না-আমি মানুষের কথা লিখি। আমি শুধু ঘটনা লিখি না,আমি সময়ের সাক্ষ্য লিখি। যতদিন অন্যায় থাকবে,অসহায় মানুষের কান্না থাকবে, সত্যকে চাপা দেওয়ার চেষ্টা থাকবে, ততদিন আমার কলম থামবে না। কারণ আমি একজন সংবাদকর্মী। আমার কণ্ঠ হয়তো নীরব, কিন্তু আমার কলম নীরব নয়।

-লেখক : সিনিয়র সাংবাদিক