৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

একটি দল জনগণের সঙ্গে ‘নির্বাচন-নির্বাচন খেলা’ শুরু করেছে : মিলন

Admin Published: January 24, 2026, 6:14 pm
একটি দল জনগণের সঙ্গে  ‘নির্বাচন-নির্বাচন খেলা’ শুরু করেছে : মিলন

স্টাফ রিপোর্টার : একটি দল জনগণের সঙ্গে ‘নির্বাচন-নির্বাচন খেলা’ শুরু করেছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, প্রশাসনের ভেতরেও কিছু আওয়ামী মনোভাবাপন্ন কর্মকর্তা রয়েছে। তারাই নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র করছেন। তিনি বলেন, এবার নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বা টালবাহানা হলে জনগণ তা মেনে নেবে না।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি রাজশাহীর নওহাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে অংশ নেন।

গণসংযোগকালে মিলন বলেন, নির্বাচনী ট্রেন এখন চলমান। এই ট্রেন আল্লাহ ছাড়া কেউ থামাতে পারবে না। তিনি দাবি করেন, পবা-মোহনপুরের সব শ্রেণি-পেশার মানুষ ধানের শীষের পক্ষে কাজ করছেন এবং তারা এখন ঐক্যবদ্ধ।

ধর্মীয় বিষয়কে নির্বাচনের সঙ্গে যুক্ত করার সমালোচনা করে মিলন বলেন, কিছু দল নির্বাচন নিয়ে খেলা করেই ক্ষান্ত হয়নি, তারা মানুষের মধ্যে বেহেশতের টিকিট বিক্রি করছে। মানুষের ঈমান-আমান নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছেন। এ থেকে বিরত থাকা উচিত বলে মন্তব্য করেন বিএনপির এ প্রার্থী।

ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সঠিকভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। বিএনপি ক্ষমতায় গেলে নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।

গণসংযোগকালে নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম পিটার, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজন মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, নওহাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#